আইএস নয়, দেশি জঙ্গিরাই হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি উপদেষ্টা এবং তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, কয়েকজন সন্ত্রাসীকে গ্রেপ্তারের পর নিশ্চিত হওয়া গেছে, আইএস নয়, অভ্যন্তরীণ জঙ্গিরাই বাংলাদেশের জন্য হুমকি। বাংলাদেশের বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে আইএস দায় স্বীকার করলেও সেগুলোর সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই বলেও উল্লেখ করেন তিনি। গতকাল মঙ্গলবার জাপানভিত্তিক অনলাইন ম্যাগাজিন দ্য ডিপ্লোম্যাট-এ লেখা এক নিবন্ধে সজীব ওয়াজেদ এসব কথা বলেন।
নিবন্ধে সজীব ওয়াজেদ লিখেছেন, ‘গত তিন বছরে বাংলাদেশে ধর্মনিরপেক্ষ ব্লগার, সমকামী অধিকারকর্মী, ধর্মীয় সংখ্যালঘু ব্যক্তি, শিক্ষাবিদসহ কয়েকজনকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। বিচ্ছিন্নভাবে এসব ঘটনার দায় কার, তা আন্তর্জাতিক গণমাধ্যমে এসেছে। ইসলামিক স্টেট (আইএস) মাঝেমধ্যে এসব হত্যার দায় স্বীকার করেছে, কিন্তু পরবর্তী সময়ে দেখা গেছে, আন্তর্জাতিক এই সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে এর সম্পৃক্ততা নেই। এর বদলে বাংলাদেশে আমরা দেখি, অভ্যন্তরীণ জঙ্গিরাই দুঃখজনকভাবে রাজনৈতিক উদ্দেশ্যে নিরপরাধ ব্যক্তিদের অশুভ লক্ষ্যবস্তুতে পরিণত করছে।’
জয় আরও লিখেছেন, এই সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে বাংলাদেশের পুলিশ সম্প্রতি কয়েক হাজার সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে এবং তাদের মধ্যে ২০০ জনের বিরুদ্ধে জঙ্গিকাজে জড়িত থাকার অভিযোগ আনা হয়। কিছু আন্তর্জাতিক গণমাধ্যমে সেটা ভুলভাবে দেখানো হচ্ছে যে গ্রেপ্তারের সংখ্যা ১১ হাজার এবং বাছবিচার না করেই এর সমালোচনা করা হচ্ছে। এটা ঠিক নয়। তিনি লিখেছেন, এর মধ্যে আট হাজার ব্যক্তির বিরুদ্ধে সুনির্দিষ্ট পরোয়ানা রয়েছে। এর লক্ষ্য হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরীণ জঙ্গিবাদ ঠেকানো।
সজীব ওয়াজেদ আরও লিখেছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ এসব চরমপন্থী সংগঠন দেশের বাইরে তেমন পরিচিত নয়। কিন্তু আইএস পরিচিত। তারা কেউকেটা ভাব নিতে এসব হত্যা ও নির্যাতনের ঘটনায় আইএসের তকমা লাগিয়ে এর দায় স্বীকার করে। বাংলাদেশে এটা একটা চালাকি।
ওই নিবন্ধে জয় লিখেছেন, সাইফুল ইসলাম (২৩) নামের স্থানীয় একজন মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তারের পর বিষয়টি আরও স্পষ্ট হয়। সাইফুল পুলিশকে নিশ্চিত করেন যে সাম্প্রতিক সময়ে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা ঘটনার সঙ্গে দুটি স্থানীয় জঙ্গিগোষ্ঠী জড়িত। একটি হলো আনসার আল ইসলাম, অন্যটি জামাআতুল মুজাহিদীন।
চরমপন্থার প্ররোচক হিসেবে জামায়াত ইসলামীকেও দায়ী করেন সজীব ওয়াজেদ। তিনি বলেন, জামায়াত বর্তমান সরকারের বিরুদ্ধ রাজনৈতিক দল। জামায়াতের ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবিরের কর্মী আবু নসরকে মাহমুদা খানম হত্যার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।