আইএসের কথা বলে পশ্চিমারা চেপে বসতে চাইছে : মেনন
ধারাবাহিক হত্যাকাণ্ডের সুযোগে আইএসের কথা বলে পশ্চিমা বিশ্ব বাংলাদেশের ঘাড়ে চেপে বসতে চাইছে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।
আজ শুক্রবার সকালে নগরের স্টেশন রোডে মোটেল সৈকতের সেমিনার কক্ষে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির চট্টগ্রাম জেলার কর্মিসভায় রাশেদ খান মেনন এ মন্তব্য করেন। ক্রসফায়ারকে সমস্যা থেকে উত্তরণের সমাধান নয় বলেও সভায় মন্তব্য করেন তিনি। একই সঙ্গে ইউপি নির্বাচন নিয়েও তিনি প্রশ্ন তোলেন।
গত কয়েক মাসের ধারাবাহিক হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে রাশেদ খান মেনন বলেন, দেশে সাম্প্রতিক সময়ে যে ঘটনাগুলো ঘটে গেল, এটা খুবই গুরুতর কাণ্ড। এখনো ঘটার আশঙ্কা রয়েছে।
মন্ত্রী বলেন, ‘কখনো যাজক হত্যা, কখনো খ্রিষ্টান হত্যা, ভিক্ষু হত্যা, পুরোহিত হত্যা, মাজারের খাদেম হত্যা, মসজিদে বোমা, আবার কখনো শিয়া মসজিদে বোমা হামলা হচ্ছে। এটা অবশ্যই আমাদের অতিক্রম করতে হবে।’ তিনি বলেন, ‘এটা (গুপ্তহত্যা) বিপজ্জনক বিষয়। এর প্রতিক্রিয়া মারাত্মক হবে। একদিকে রয়েছে পশ্চিমা বিশ্বের দেশগুলো, তারা কিন্তু ক্রমাগত আমাদের ওপর চাপ সৃষ্টি করে যাচ্ছে যে এখানে আইএস আছে। আইএসের কথা বলে তারা চেষ্টা করছে আমাদের ঘাড়ে বসতে পারে কি না।’
জনগণকে সম্পৃক্ত করে সমস্যা মোকাবিলার কথা উল্লেখ করে মেনন বলেন, ‘সরকার পুলিশি সাঁড়াশি অভিযান করছে। ফলাফল কী দাঁড়াল? ১১ হাজার গ্রেপ্তার, এর মধ্যে জঙ্গি হচ্ছে ১৯৮ জন। আর সমাধান কি হলো, ক্রসফায়ারে দিয়ে দাও। ফাহিমকে জনগণ ধরে দিল। পুলিশ তাঁকে মেরে ফেলল। এটা কি কোনো সমাধান? এটা কোনো সমাধান নয়। এটা সাময়িক সমাধান।’
মন্ত্রী বলেন, ‘এবার আমরা ইউপি নির্বাচন দেখলাম। ইউপি নির্বাচনে আমাদের যে অর্জন ছিল, সেটা ধ্বংস হয়ে গেল। সে জায়গা থেকে আমাদের পার্টি সিদ্ধান্ত নিয়েছে, একদিকে জঙ্গিবাদ–মৌলবাদের বিরুদ্ধে লড়াই করব। অন্যদিকে ভোটের অধিকারের নিশ্চয়তা যাতে বিধান করা যায়, সে চেষ্টা করব।’
ঈদের আগে শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধে সরকারকে ব্যবস্থা নিতে অনুরোধ জানান মন্ত্রী। সভায় সাবেক সচিব রণজিৎ বিশ্বাসের মৃত্যুতে তিনি শোক প্রকাশ করেন।
ওয়ার্কার্স পার্টির চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি আবু হানিফের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পার্টির চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক সামশুদ্দিন খালেদ, জেলা কমিটির নেতা নুরুল ইসলাম, বি কে দাশ, দিদারুল আলম চৌধুরী, আবুল কাশেম প্রমুখ।