আইএসের সঙ্গে যুক্তরাষ্ট্রকে জড়িয়ে মন্ত্রীদের বক্তব্য নিয়ে বিএনপির শঙ্কা
আইএসের (ইসলামিক স্টেট) সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রকে জড়িয়ে সরকারের মন্ত্রীদের দেওয়া বক্তব্য দুই দেশের সম্পর্কে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছে বিএনপি। দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ক্ষতি হয়—এমন বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বিএনপি।
গতকাল শনিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির এক সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র আসাদুজ্জামান রিপন এই আশঙ্কা ও আহ্বান জানান। তিনি বলেন, কেবল যুক্তরাষ্ট্র নয়, কোনো দেশের সঙ্গে বাংলাদেশের শত্রুভাবাপন্ন সম্পর্ক থাকা উচিত নয়।
আসাদুজ্জামান বলেন, ‘১৩ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল বাংলাদেশে আসছেন। আরেকজন কাউন্সিলরও আসছেন। এ ধরনের গুরুত্বপূর্ণ সফরের প্রাক্কালে সরকারের তথ্যমন্ত্রী, বিমানমন্ত্রী ও খাদ্যমন্ত্রী নানাভাবে যুক্তরাষ্ট্রকে জড়িয়ে কথাবার্তা বলছেন। সরকার যদি একটি বিশেষ রাষ্ট্রের বিরুদ্ধে আঙুল তুলে কথা বলে, যুক্তরাষ্ট্রকে যদি দায়ী করা হয়, তাদের ব্লেইম দেওয়া হয়—এটা আমাদের পররাষ্ট্রনীতির ওপর অ্যাক্ট করে।’
বিএনপির মুখপাত্র বলেন, ‘দেশে আইএস নাই—সরকারের এমন কথায় আস্থা রাখতে চাই। কিন্তু সরকার প্রায় সময় বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তার করে সন্ত্রাসী, জঙ্গিবাদের তকমা লাগিয়ে জবরদস্তি স্বীকারোক্তি আদায় করে। এগুলোকে দেশে-বিদেশে উগ্রপন্থী হয়েছে বলে প্রচার করে। সরকারের এ চেষ্টা সফল হবে না।’ তিনি কোনো রাষ্ট্রকে দোষারোপ না করে গণতন্ত্রের সংকট সমাধানে সরকারকে নজর দেওয়ার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা আবদুল লতিফ, শামীমুর রহমান, আসাদুল করিম, তকদির হোসেন প্রমুখ।