আইজিপি কোনো রাজনৈতিক বক্তব্য দেননি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজারবাগ পুলিশ লাইনসে জাতীয় শোক দিবসের আলোচনায় পুলিশের মহাপরিচালক (আইজিপি) এ কে এম শহীদুল হক কোনো রাজনৈতিক বক্তব্য দেননি। গতকাল শনিবার পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ দাবি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন পত্রিকায় প্রকাশিত ‘রাজনৈতিক বক্তব্য দেওয়া আইজিপির কাজ নয়: জাসদ’ শীর্ষক খবরের প্রতি পুলিশ সদর দপ্তরের দৃষ্টি আকর্ষিত হয়েছে। গত বৃহস্পতিবারের ওই সভায় আইজিপি রাজনৈতিক বক্তব্য দেননি।¯ স্বাধীনতার পর পরই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধবিধ্বস্ত দেশকে পুনর্গঠন ও জনকল্যাণে যেসব পদক্ষেপ গ্রহণ করেছিলেন, তিনি সে সম্পর্কে আলোকপাত করেন। ওই সময় বঙ্গবন্ধু যে সকল প্রতিকূল পরিবেশের সম্মুখীন হয়েছেন, তা উল্লেখ করতে গিয়ে প্রসঙ্গক্রমে আলোচনায় বিভিন্ন ঘটনা উঠে এসেছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আইজিপি প্রকৃত ইতিহাস এবং প্রত্যক্ষ অভিজ্ঞতার আলোকে ইতিহাসের ঘটনাবলির প্রেক্ষাপটে বক্তব্য দিয়েছেন। সঠিক ইতিহাস জানা এবং বর্তমান প্রজন্মকে জানানো প্রত্যেক নাগরিকের অধিকার। তিনি কোনো ব্যক্তি, গোষ্ঠী, রাজনৈতিক দল বা সংগঠনকে উদ্দেশ করে বক্তব্য দেননি। তাঁর বক্তব্যে কেউ সংক্ষুব্ধ হয়ে থাকলে বিষয়টি বাস্তবতার আলোকে নমনীয়ভাবে দেখার জন্য অনুরোধ জানানো হচ্ছে।