আইজিপির বক্তব্য অনাকাঙ্ক্ষিত: বিএনপি
রাজনীতিকদের বক্তব্য দেওয়ার ক্ষেত্রে দায়িত্বশীল হওয়া উচিত বলে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক যে বক্তব্য দিয়েছেন তাকে ‘অনাকাঙ্ক্ষিত’ ও ‘অনভিপ্রেত’ বলে আখ্যা দিয়েছে বিএনপি। আজ সোমবার দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন এক ব্রিফিংয়ে আইজিপিকে রাজনৈতিক বক্তব্য না দিয়ে ‘দায়িত্বশীল’ বক্তব্য দেওয়ারও আহ্বান জানান।
গতকাল রোববার শহীদুল হক পুলিশের ভূমিকা নিয়ে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে রাজনীতিকদের দায়িত্বশীল হওয়া উচিত বলে মন্তব্য করেন। তিনি খালেদা জিয়া বা কারও নাম উল্লেখ না করে বলেন, আন্দোলনের সময় কারা পেট্রলবোমা মেরেছে, গাড়িতে আগুন দিয়ে মানুষ হত্যা করেছে, তা সূর্যের আলোর মতো স্বচ্ছ।
আইজিপি এই বক্তব্য দেওয়ার আগের দিন গত রোববার খালেদা জিয়া অভিযোগ করে বলেছিলেন, ‘পুলিশই আমাদের আন্দোলনের সময় পেট্রলবোমা মেরেছে। শুধু বোমা নয়, বাসে আগুনও দিয়েছে তারা। নাশকতার অভিযোগে পুলিশ যেভাবে মামলা “সাজিয়ে দেয়”, বিচারকেরা তা ভালোভাবে দেখেন না।’ খালেদা জিয়ার ওই বক্তব্যের জের ধরে আইজিপি গতকাল ওই মন্তব্য করেন বলে মনে করা হচ্ছে।
আজ সোমবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে নিয়মিত ব্রিফিংয়ে আসাদুজ্জামান বলেন, ‘খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন হিসেবে যে অভিযোগটি করেছেন, তার পেছনে নিশ্চয় যুক্তি, পর্যবেক্ষণ আছে। কিন্তু তার পরিপ্রেক্ষিতে পুলিশের মহাপরিদর্শক যে বক্তব্য দিয়েছেন তা অনভিপ্রেত, অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত।’
আসাদুজ্জামান বলেন, বিএনপির চেয়ারপারসন নাশকতার জন্য সব পুলিশকে দায়ী করেননি। তিনি বলেছেন, কিছু কিছু সদস্য এই কাজ করেছে। আইজিপি তাঁর বক্তব্যে কী ইঙ্গিত করেছেন তা বিএনপি জানে না। তবে তাদের দলের অবস্থান স্পষ্ট, নাশকতার সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের কোনো সংশ্লিষ্টতা নেই। বিএনপির চেয়ারপারসন অনেক আগেই তা স্পষ্টভাবে বলেছেন।