আইন অমান্য হলেই নির্বাচন বন্ধ

নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম। ছবি: ফাইল ফটো, প্রথম আলো।
নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম। ছবি: ফাইল ফটো, প্রথম আলো।

নির্বাচন কমিশনার (ইসি) রফিকুল ইসলাম বলেছেন, গ্রহণযোগ্য নির্বাচন না হলে এবং আইনের সামান্যতম ব্যত্যয় হলে সেই কেন্দ্রের নির্বাচন বন্ধ করা হবে। প্রয়োজনে পুরো উপজেলার নির্বাচন বন্ধ করা হবে। উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালায় এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। শহরের অন্নদা সরকারি উচ্চবিদ্যালয়ে আজ বৃহস্পতিবার এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

রফিকুল ইসলাম বলেন, ‘কোনো অবস্থাতেই প্রশ্নবিদ্ধ এবং গ্রহণযোগ্য নয় এমন কোনো নির্বাচন করতে চাই না। আমরা উপজেলা নির্বাচন গ্রহণযোগ্য করতে চাই।’ উপজেলা নির্বাচনে কোনো কর্মকর্তা অনিয়ম করলে তাঁকে জেলে পাঠানো হবে বলেও জানান তিনি। এর আগে তিন ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে যেসব নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন তাঁদের গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন নির্বাচন কমিশনার।

ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সে জন্য সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা হবে বলেও জানিয়েছেন তিনি, ‘নির্বাচনের জন্য সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করব। কাউকে বাধা দেওয়া হবে না। কোনো ভীতি প্রদর্শন করা হবে না। এমন কোনো ভোটার নেই, যিনি ভোটকেন্দ্রে এসে নির্বিঘ্নে নিজের ভোট পছন্দের প্রার্থীকে দিতে পারবেন না। তাঁরা যেন নির্ভয়ে আসেন।’

তবে এর আগে ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচনের সময় গন্ডগোল হওয়ায় ভোটারদের মধ্যে যে কিছুটা ভীতি কাজ করছে, সেটিও স্বীকার করে নিয়েছেন তিনি, বিগত নির্বাচনগুলোতে ব্রাহ্মণবাড়িয়ায় শত শত রাউন্ড গুলি ব্যবহার হয়েছে। এ কারণে হয়তো ভোটারদের মধ্যে কিছুটা ভীতি কাজ করছে।

এ সময় প্রধান কমিশনারের সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা-খান, পুলিশ সুপার আনোয়ার হোসেন খানসহ নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।