
চট্টগ্রাম শহরের বেশ কিছু এলাকার দেয়াল এখন রঙিন পোস্টারে ঠাসা। মোড়ে মোড়ে টানানো হয়েছে ডিজিটাল ব্যানার, প্ল্যাকার্ড। এসব পোস্টার, ব্যানার, প্ল্যাকার্ডের ভাষা প্রায় একই। পার্থক্য শুধু ছবিতে। ...(অমুক ভাইকে) মেয়র পদে দেখতে চাই।
গত ৭ আগস্ট চট্টগ্রামে নির্বাচন কমিশনের আঞ্চলিক কার্যালয়ে এক অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন নির্বাচন কমিশনার আবদুল মোবারক। ওই দিন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আভাস দিয়েছিলেন, আগামী বছরের এপ্রিল বা মে মাসে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন হতে পারে।
এর আগে ২০১০ সালের ১৭ জুন চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন হয়।
নির্বাচন কমিশনারের ওই বক্তব্য প্রচার হওয়ার পর থেকেই চট্টগ্রাম শহরে সাইনবোর্ড, ব্যানার আর পোস্টারের ভাষা বদলাতে শুরু করেছে। সম্ভাব্য প্রার্থীদের পক্ষে পোস্টারে প্রচারণা শুরু হয়েছে। আওয়ামী লীগ ও বিএনপিতে মেয়র পদে মনোনয়ন নিয়ে ঠান্ডা লড়াইও শুরু হয়েছে।
তবে তফসিল ঘোষণার আগেই সম্ভাব্য প্রার্থীরা মাঠে নামতে পারেন কি না, এ নিয়েও প্রশ্ন উঠেছে। এ বিষয়ে চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা খুরশেদ আলম প্রথম আলোকে বলেন, তফসিল ঘোষণার আগে নির্বাচনী প্রচারণা আচরণবিধির লঙ্ঘন। এ ব্যাপারে কেউ অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে নির্বাচন কমিশন সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। এতে সংশ্লিষ্ট ব্যক্তিকে চিঠি দিয়ে তাঁর পোস্টার, ব্যানার সরিয়ে নিতে বলা হবে। এর পরও যদি সরিয়ে না নেন, তাহলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যাবে।
তবে তফসিলের জন্য বসে নেই সম্ভাব্য প্রার্থীরা। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান আবদুচ ছালাম নগরের উন্নয়নমূলক কর্মকাণ্ডের আড়ালে নিজেকে সিটি করপোরেশনের নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে তুলে ধরছেন। ওয়ার্ডে ওয়ার্ডে চালাচ্ছেন প্রচারণা। বিষয়টি নগর আওয়ামী লীগের নেতা-কর্মীদের দৃষ্টিগোচর হলে সংগঠনের নির্বাহী কমিটির সভায় হইচই হয়। এ কারণে তাঁকে সতর্ক করে চিঠি দিয়েছে নগর আওয়ামী লীগ।
বিএনপি-সমর্থিত বর্তমান মেয়র ও চেয়ারপারসনের উপদেষ্টা মন্জুর আলম প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন বলে বিএনপির তৃণমূল থেকে অভিযোগ উঠেছে। বিকল্প প্রার্থী হিসেবে নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন ওয়ার্ডে ওয়ার্ড জনসংযোগ করছেন।
তবে প্রচারণায় মেয়র মন্জুরও পিছিয়ে নেই। ওয়ার্ডে ওয়ার্ডে উন্নয়নের ফিরিস্তি তুলে ধরছেন সুধী সমাবেশে।
আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা: সিডিএর চেয়ারম্যান আবদুচ ছালাম দলীয় সভা-সমাবেশ ও অনুষ্ঠানে উপস্থিত না থাকলেও সিডিএর উদ্যোগে নগরের মহল্লা মহল্লায় ‘চট্টগ্রাম নগরের উন্নয়নে সম্ভাবনা, সমস্যা ও সমস্যা সমাধানে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা করছেন। তাঁর আমলে নেওয়া উন্নয়ন প্রকল্পের ফিরিস্তি দিচ্ছেন। ২০০৯ সালের এপ্রিলে তিনি সিডিএর চেয়ারম্যান হন। মেয়র নির্বাচনের প্রস্তুতি হিসেবে নগরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে উন্নয়নের বর্ণনা দিয়ে টাঙিয়েছেন বিলবোর্ড।
আবদুচ ছালামের কার্যক্রমে ক্ষুব্ধ হয়ে তাঁকে সতর্ক করে গত রোববার চিঠি দেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছিরউদ্দিন। তিনিও মেয়র নির্বাচন করতে আগ্রহী। গত ১৮ জুলাই চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামের প্রবেশপথে এম এ আজিজের ভাস্কর্য উন্মোচন অনুষ্ঠানে সাংবাদিকদের কাছে মেয়র নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহের কথা জানান।
আ জ ম নাছিরউদ্দিন বলেন, ‘সিডিএর কার্যক্রম নিয়ে ছালাম সাহেবের কর্মকাণ্ডে আমাদের আপত্তি নেই। সংগঠনের কর্মসূচিতে তিনি অংশ নেন না। কঠিন সময়ে আমরা তাঁকে পাইনি। হঠাৎ করে তিনি পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে উন্নয়নের ফিরিস্তি তুলে ধরেন, যেখানে কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতাদের সম্পৃক্ত করা হয়েছে। এতে তৃণমূলে সংগঠনের অনৈক্য সৃষ্টি হচ্ছিল। এ কারণে তাঁকে সতর্ক করা হয়েছে।’
আবদুচ ছালাম বলেন, ‘সংগঠনে শৃঙ্খলাপরিপন্থী কোনো কাজে সম্পৃক্ত হওয়া আমার পক্ষে সম্ভব নয়। চট্টগ্রামে যে উন্নয়ন হচ্ছে, তা তুলে ধরার জন্য আমি মানুষের দুয়ারে যাচ্ছি। এগুলো সিডিএর নিজস্ব কর্মসূচি, এখানে দলের সাংগঠনিক ব্যানার বা পদ ব্যবহার করছি না।’
মেয়র প্রার্থী হচ্ছেন কি না জানতে চাইলে আবদুচ ছালাম বলেন, ‘যার ওপর চট্টগ্রামবাসীর আস্থা আছে এবং যার মাধ্যমে নগরের উন্নয়ন হবে, আমার দৃঢ় বিশ্বাস, প্রধানমন্ত্রী তাঁকে প্রার্থী করবেন। আর যাঁকে প্রার্থী করা হবে, তাঁর পক্ষে সবাই কাজ করে বিজয় নিশ্চিত করতে হবে।’
তিনবারের মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী এবারও প্রার্থী হচ্ছেন কি না এমন প্রশ্নে তিনি বলেন, ‘নাগরিক কমিটির নেতৃবৃন্দ ছাড়াও রিকশা-অটোরিকশাচালক ও শ্রমজীবী লোকজন প্রতিদিন আমার সঙ্গে দেখা করতে আসছেন। আমি নাকি চট্টগ্রামকে সৌন্দর্যনগরে পরিণত করেছিলাম। তাঁরা আবার নির্বাচন করার পরামর্শ দিচ্ছেন। কিন্তু প্রার্থী কে হবে, তা প্রধানমন্ত্রীর এখতিয়ার।’
বিএনপিতে সম্ভাব্য প্রার্থী কারা: গত মেয়র নির্বাচনে মন্জুর আলম ৫৬ দফা প্রতিশ্রুতি দিয়েছিলেন। মূল প্রতিশ্রুতি ছিল জলাবদ্ধতা নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও নগর পরিচ্ছন্ন রাখা—কোনোটাতেই সাফল্য আসেনি বলে বিএনপির নেতা-কর্মীরাই অভিযোগ করছেন। এই অবস্থায় বর্তমান মেয়রের পাশাপাশি প্রচারণায় নেমেছেন নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন।
তবে দলের টিকিট পেতে বর্তমান মেয়র উন্নয়নের ফিরিস্তি তুলে ধরতে ওয়ার্ডে ওয়ার্ডে সুধী সমাবেশ করছেন। নগরের ৪১টি ওয়ার্ডে উন্নয়ন কার্যক্রম তুলে ধরছেন। এরই মধ্যে ১৫টি ওয়ার্ডে এই সমাবেশ হয়েছে। এতে মেয়রের সঙ্গে বর্তমান কাউন্সিলর ও সাবেক কাউন্সিলররাও বক্তব্য দিচ্ছেন। মেয়র তাঁর বক্তব্যে রাজনৈতিক প্রসঙ্গ এড়িয়ে স্থানীয় উন্নয়নের বিষয়কে গুরুত্ব দিচ্ছেন।
নির্বাচনে অংশগ্রহণ করবেন কি না এই প্রশ্নের জবাবে মন্জুর আলম বলেন, ‘নির্বাচনের তফসিল ঘোষণা হোক। এরপর কে প্রার্থী হবেন, তা দলীয় সিদ্ধান্তের ব্যাপার। দল যদি নির্বাচনে যায়, তখন একটি সিদ্ধান্ত আসবে। আল্লাহর হুকুমেরও ব্যাপার আছে। আপাতত আমি কিছু বলতে পারছি না। আমার সঙ্গে দলের সবার সুসম্পর্ক রয়েছে।’
সুধী সমাবেশ করা প্রসঙ্গে মন্জুর আলম বলেন, ‘এটি একটি নতুন ধারণা। তিন বছর ধরে কেন্দ্রীয়ভাবে করা হয়েছে। আগামী বার যেহেতু বর্ষপূর্তি করার সুযোগ নেই। তাই এবার ওয়ার্ডে ওয়ার্ডে সুধী সমাবেশ করা হচ্ছে। সেখানে নির্বাচনের আগে আমরা কী প্রতিশ্রুতি দিয়েছিলাম, তার কতটুকু বাস্তবায়ন করতে পেরেছি, তা জানানো হচ্ছে। আমি কোনো রাজনৈতিক বক্তব্য দিচ্ছি না।’
মেয়রের পাশাপাশি প্রচারণা চালাচ্ছেন নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন। সামাজিক কর্মকাণ্ডে তাঁর অংশগ্রহণ বেড়েছে।
শাহাদাৎ হোসেন এ প্রসঙ্গে বলেন, বিএনপির সমর্থন নিয়ে মন্জুর আলম মেয়র হন। কিন্তু দলীয় কর্মসূচিতে অংশ নেননি। আন্দোলন কর্মসূচিতে তাঁকে দেখা যায়নি। আসলে তিনি কাঙ্ক্ষিত প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন।
শাহাদাৎ হোসেন বলেন, তৃণমূলের নেতা-কর্মীরা দলের নিবেদিত, ৪১টি ওয়ার্ডে যেতে পারে—এমন প্রাণচঞ্চল ও গতিশীল নেতৃত্ব প্রত্যাশা করছে। জ্যেষ্ঠ নেতা নোমান ভাই, খসরু ভাই ও মীর নাছির ভাই চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন করবেন না।