আইনকে সম্মান জানাতেই দুদকে, দাবি মোরশেদ খানের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান আইনের প্রতি সম্মান দেখাতেই দুর্নীতি দমন কমিশনের (দুদক) তলবে হাজির হয়েছেন বলে দাবি করেছেন। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের কাছে এ দাবি করেন তিনি।

অর্থ পাচার মামলার তদন্তের স্বার্থে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মোরশেদ খান ও তাঁর ছেলে ফয়সাল মোরশেদ খানকে জিজ্ঞাসাবাদ করেন দুদকের জ্যেষ্ঠ উপপরিচালক ও তদন্ত কর্মকর্তা মীর জয়নাল আবেদীন শিবলী।

বিদেশে অর্থ পাচারের অভিযোগে গত বছরের ৩১ ডিসেম্বর মোরশেদ খান, তাঁর স্ত্রী নাসরিন খান ও ছেলে ফয়সাল মোরশেদ খানের বিরুদ্ধে দুদকের উপপরিচালক মো. মনিরুজ্জামান মানি লন্ডারিং আইনে রমনা থানায় মামলা করেন।

জিজ্ঞাসাবাদ শেষে অপেক্ষমাণ সাংবাদিকেরা মোরশেদ খানের কাছে তাঁর বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগের সত্যতার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আইনের প্রতি সম্মান দেখাতেই এসেছি। যা বলার ছিল দুদককে বলেছি। দুদক এখন তা খতিয়ে দেখবে।’

দুদকের পক্ষ থেকে বিএনপির নেতা-কর্মীদের হয়রানি করা হচ্ছে বলে মনে করছেন কি? প্রশ্নের জবাবে মোরশেদ খান বলেন, ‘এটা আপনারা জাস্টিফাই (বিচার-বিবেচনা) করে দেখুন।’

সাংবাদিকেরা আরও প্রশ্ন করতে চাইলে মোরশেদ খানের সঙ্গে থাকা ব্যক্তিগত সহকারীরা তাঁকে অসুস্থ দাবি করে দ্রুত গাড়িতে তুলে নিয়ে যান।

দুদকের বিশেষ অনুসন্ধান ও তদন্ত সূত্র জানায়, জিজ্ঞাসাবাদে মোরশেদ খান স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে থাকা তাঁর ইউএসডি সেভিংস হিসাব এবং হংকং ডলার সেভিংস হিসাব থেকে বিদেশে কেন অর্থ পাঠিয়েছেন, তা জানতে চাওয়া হয়। একই প্রশ্ন করা হয় ছেলে ফয়সালকেও। ওই ব্যাংকে ফয়সালেরও একটি ইউএসডি সেভিংস ও একটি হংকং ডলার সেভিংস হিসাব রয়েছে। তাঁদের জবাবের সপক্ষে উপযুক্ত দালিলিক প্রমাণ দুদকে জমা দিতে বলা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে, বিএনপির নেতা মোরশেদ খানের প্রতিষ্ঠান ফারইস্ট টেলিকম লিমিটেডের মাধ্যমে বিভিন্ন ধরনের ১১টি ব্যাংক হিসাব ব্যবহার করে মোট ৩২১ কোটি ৭ লাখ ৫৩ হাজার ৩৫৯ টাকা বিদেশে পাচার হয়েছে। ঘটনার সময় তিনি বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন।