আইনজীবীদের একাংশের আদালত বর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে দিয়ে আনা সংবিধানের ৯৬ অনুচ্ছেদ সংশোধনের প্রতিবাদে গতকাল সোমবার বিভিন্ন জেলায় আদালত বর্জন কর্মসূচি পালন করেছেন আইনজীবীদের একাংশ। গতকাল সোমবার পূর্বঘোষিত কর্মসূচি অনুসারে বিএনপি-সমর্থিত আইনজীবীরা ওই কর্মসূচি পালন করেন।
আইনজীবী সমিতির প্রতিনিধিদের এক মতবিনিময় সভা শেষে ২০ সেপ্টেম্বর প্রতিনিধিদের প্রস্তাবের ভিত্তিতে রোববার দেশের আইনজীবী সমিতিতে ‘কালো পতাকা মিছিল’ এবং সোমবার ‘আদালত বর্জনের’ ঘোষণা দেয় বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচিত কমিটি।
ঘোষণা অনুযায়ী, গতকাল বেলা পৌনে ১১টার দিকে বিএনপি-সমর্থিত আইনজীবীরা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির কক্ষের সামনে জড়ো হন। সেখানে ১৬-১৭ জন আইনজীবী কিছুক্ষণ অবস্থান করে স্লোগান দেন ও সমাবেশ করেন। সমিতি ভবনের ভেতর প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল করেন। ভবন প্রদক্ষিণ শেষে সমিতি প্রাঙ্গণে গিয়ে সমাবেশ করেন তাঁরা। এর আগে সমিতির সভাপতির কক্ষের সামনে ফটক ও সমিতি ভবন এবং অ্যাটর্নি জেনারেল কার্যালয় দিয়ে হাইকোর্টের বর্ধিত ভবনে যেতে দ্বিতীয় তলার দুটি ফটকে তালা দেখা যায়।
আদালত সূত্র জানায়, আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতির আদালত ও হাইকোর্টের একাধিক বেঞ্চ বসেছিল। ঢাকার জেলা জজ, মুখ্য মহানগর হাকিম আদালত, মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারকেরা এজলাসে বসেন।
তবে আদালত চত্বরে হরতাল ও আদালত বর্জনের পক্ষে বিক্ষোভ মিছিল করেন বিএনপি-সমর্থিত আইনজীবীরা। অন্যদিকে, সরকার-সমর্থক আইনজীবীরা সংশোধনীর পক্ষে মিছিল করেন। আইনজীবীদের নিয়ন্ত্রণকারী ও তদারককারী সংস্থা বার কাউন্সিলের হিউম্যান রাইটস অ্যান্ড লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মাহবুব উদ্দিন খোকনের দাবি, দেশের ৮১ জেলা আইনজীবী সমিতি ঘোষিত ওই কর্মসূচি পালন করেছে।