আইনজীবীদের পাল্টাপাল্টি কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের চলমান অবরোধ কর্মসূচির পক্ষে-বিপক্ষে পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছেন সরকার ও বিএনপি-সমর্থক আইনজীবীরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে বিএনপি-জামায়াত সমর্থক আইনজীবীরা প্রতিবাদ সভা ও সরকার-সমর্থক আইনজীবীরা মানববন্ধন কর্মসূচি পালন করেন।
‘সন্ত্রাস, জঙ্গিবাদ ও আইন-অঙ্গনে নৈরাজ্যের’ প্রতিবাদে সমিতি ভবনের সামনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মানববন্ধন করে। এর কয়েক ফুট দূরে বিএনপি-জামায়াত সমর্থক আইনজীবীরা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ব্যানারে প্রতিবাদ সভা করে। এ সময় পক্ষে-বিপক্ষে আইনজীবীরা স্লোগানও দিতে থাকেন।
মানববন্ধনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের আহ্বায়ক আবদুল বাসেত মজুমদার, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন, আইনজীবী লায়েকুজ্জামান মোল্লা, বশির আহমেদ, এস এম মুনীর, শেখ আখতারুল ইসলাম ও রবিউল আলম প্রমুখ অংশ নেন। মানববন্ধন থেকে নৈরাজ্যকর কর্মসূচির প্রতিবাদে প্রতিদিন প্রতিবাদ কর্মসূচি পালন করার ঘোষণা দেওয়া হয়।
একই সময়ে এর কয়েক ফুট দূরে বিএনপি-জামায়াত সমর্থক আইনজীবীরা খালেদা জিয়াকে অবরুদ্ধ রাখা এবং নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে সভা করেন। এতে ফোরামের সভাপতি রফিকুল ইসলাম মিয়া, জয়নুল আবেদীন, মাহবুবউদ্দিন খোকন, গোলাম মোহাম্মদ চৌধুরী আলাল, রাগীব রউফ চৌধুরী প্রমুখ অংশ নেন। সভা শেষে খালেদা জিয়াসহ দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে করা সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ১১ জানুয়ারি থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত সুপ্রিম কোর্ট বারসহ দেশের সব জেলা বারে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।