আইনজীবীদের হরতালের পক্ষে বিপক্ষে কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ডাকা হরতালের পক্ষে-বিপক্ষে সমাবেশ, মানববন্ধন ও মিছিল করেছেন আইনজীবীরা। গতকাল বুধবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবন প্রাঙ্গণে সরকার ও বিএনপি-সমর্থক আইনজীবীরা এ কর্মসূচি পালন করেন।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে হরতাল ও নৈরাজ্যের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন সরকার-সমর্থক আইনজীবীরা। আওয়ামী যুব আইনজীবী পরিষদের ব্যানারে কর্মসূচিতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক মোমতাজ উদ্দিন আহমেদ বলেন, আন্দোলনের নামে কোথাও বোমা হামলা করলে সাধারণ মানুষ তা মেনে নেবে না। হরতাল-অবরোধের নামে কেউ নৈরাজ্য সৃষ্টি করলে আইনজীবীরা তাদের প্রতিরোধ করবেন। আইনজীবী আজহার উল্লাহ ভূঁইয়া, পরিষদের সভাপতি তৌহিদুর রহমান, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান প্রমুখ বক্তব্য দেন। সমাবেশ শেষে মিছিল নিয়ে বের হয়ে সমিতি ভবনে এসে শেষ হয়।
হরতালের সমর্থনে সমিতি ভবন প্রাঙ্গণে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ব্যানারে সমাবেশ করেন বিএনপি সমর্থক আইনজীবীরা। সমাবেশ থেকে সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য শপথ পাঠ করান জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব মাহবুব উদ্দিন খোকন। তিনি বলেন, ‘যত দিন পর্যন্ত এই অবৈধ সরকারের পতন না হবে বা পদত্যাগ না করবে, তত দিন পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।’ আইনজীবী গাজী কামরুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে আইনজীবী গোলাম মোহাম্মদ চৌধুরী, আবেদ রাজা, জামিল আক্তার প্রমুখ বক্তব্য দেন। এর আগে হরতালের সমর্থনে মিছিল নিয়ে মাজার গেট ঘুরে সমিতি ভবনের সামনে গিয়ে সমাবেশ
করেন তাঁরা।