আইনমন্ত্রীকে ক্ষমা চাওয়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রয়াত অধ্যাপক পিয়াস করিমের পক্ষ নিয়ে কথা বলার অভিযোগে আইনমন্ত্রী আনিসুল হকের কুশপুত্তলিকা দাহ করেছে চারটি সংগঠন। একই সঙ্গে আইনমন্ত্রীকে জাতির কাছে ক্ষমা ও মন্ত্রিসভা থেকে পদত্যাগের দাবিও করেছে সংগঠনগুলো।
গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় গণতান্ত্রিক লীগ, কাজী আরেফ ফাউন্ডেশন, বাংলাদেশ অনলাইন অ্যাকটিভিস্ট ফোরাম ও কৃষক শ্রমিক পার্টি মানববন্ধন করে এসব দাবি জানায়। মানববন্ধনে বক্তৃতা শেষে আইনমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করেন সংগঠনগুলোর নেতা-কর্মীরা।
মানববন্ধনে কাজী আরেফ ফাউন্ডেশনের সভাপতি কাজী মাসুদ আহমেদ বলেন, ‘আইনমন্ত্রী যেভাবে কথা বলেছেন, তাতে মনে হয় পিয়াস বড় মুক্তিযোদ্ধা। তাঁর বক্তব্য শুধু প্রত্যাহার করলেই চলবে না, তাঁকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে।’ অনলাইন অ্যাকটিভিস্ট ফোরামের সভাপতি কবির চৌধুরী আইনমন্ত্রীকে মন্ত্রিসভা থেকে অপসারণের দাবি জানান। আর জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিল বলেন, ‘আইনমন্ত্রী যদি জাতির কাছে ক্ষমা না চান, তাহলে আমরা আরও কঠিন কর্মসূচি ঘোষণা করব।’
গণজাগরণ মঞ্চের কামাল পাশা চৌধুরীর অংশ গতকাল এক বিবৃতিতে বলে, পিয়াস করিম নিয়ে আইনমন্ত্রীর বক্তব্য অগ্রহণযোগ্য, বিভ্রান্তিকর ও বহুলাংশে অসত্য।
রোববার এক অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, ‘স্বাধীনতার পক্ষে লিফলেট বিতরণ করায় পিয়াস করিমকে ১৯৭১ সালের মাঝামাঝি সময়ে পাকিস্তান সেনাবাহিনী ধরে নিয়ে কুমিল্লা সার্কিট হাউসে আটকে রেখেছিল। তখন তাঁর বয়স ছিল ১৩ বছর।...’