আইনশৃঙ্খলা কমিটির 'বিশেষ' সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের আক্কেলপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির ‘বিশেষ’ সভা গতকাল সোমবার উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। গত কয়েক দিনে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় উপজেলা প্রশাসন এই বিশেষ সভার আয়োজন করে।

উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম মো. শাহনেওয়াজের সভাপতিত্বে এই বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান কমল, পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নবীবুর রহমান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ারুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোকছেদ আলী মাস্টার, সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরী, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু ওহাব চৌধুরী, উপজেলা ওয়ার্কার্স পার্টির নেতা আমর হোসেন, উপজেলা সিপিবির সভাপতি ফজলার রহমান, মুজিবর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোকছেদ আলী, গোপিনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ জোয়ার্দার, আক্কেলপুর প্রেসক্লাবের সভাপতি ওমপ্রকাশ আগরওয়ালা প্রমুখ।

সভায় উপস্থিত লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, দুর্বৃত্তরা গত রোববার ভোরে পৌর শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা দুটি বাস পুড়িয়ে দেয়। এ ঘটনায় একটি বাসের চালকের সহকারী রতন অগ্নিদগ্ধ হন। এর আগে ২৩ ফেব্রুয়ারি উপজেলা সদরে হামলা ও দোকান ভাঙচুরের ঘটনা ঘটে। এসব ঘটনায় সভায় উদ্বেগ প্রকাশ করা হয়। এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়। পাশাপাশি এসব ঘটনায় নির্দোষ কাউকে অযথা হয়রানি না করার জন্য পুলিশ প্রশাসনের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

ইউএনও গোলাম মো. শাহনেওয়াজ জানান, দেশের বিভিন্ন স্থানে নাশকতার ঘটনা ঘটলেও আক্কেলপুর উপজেলা ছিল তার ব্যতিক্রম। এখানে আগে কোনো নাশকতার ঘটনা ঘটেনি। উপজেলার পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভার আয়োজন করা হয়েছে।