আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের মদদে মাদক রোধ হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ সদর উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্যের যোগসাজশে গ্রামগঞ্জে মাদক ছড়িয়ে পড়ছে। গতকাল বৃহস্পতিবার সদর উপজেলার মাসিক আইনশৃঙ্খলা সভায় সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা এ অভিযোগ করেন। মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তাঁরা।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ব্রেনজং চাম্বুগংয়ের সভাপতিত্বে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ হাবিবে মিল্লাত, উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদদীন, পুলিশের কর্মকর্তা নূরুল ইসলাম প্রমুখ।
সয়দাবাদ ইউপি চেয়ারম্যান নবীদুল ইসলাম বলেন, পুলিশ ৫০০ বোতল ফেনসিডিল আটক করলে এর ছোট একটি অংশই আদালতে উপস্থাপন করে থাকে। বাকি ফেনসিডিল কোথায় যায় তা নিয়ে প্রশ্ন রাখেন তিনি।
কালিয়া হরিপুর ইউনিয়নের চেয়ারম্যান সবুর আলী শেখ বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কতিপয় সদস্যকে মাদক ব্যবসায়ীদের বাড়িতে দাওয়াত খেতেও দেখা যায়। একই ধরনের অভিযোগ করেন বাগবাটি ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ও বহুলী ইউনিয়নের চেয়ারম্যান রুহুল আমিন সরকার।
খোকশাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান রশিদুল হাসান বলেন, মাদক নিয়ে বিভিন্ন সভা-সমিতিতে অনেক আলোচনা হয়। এগুলো শুধু কাগজ-কলমেই থেকে যায়। ফলে কাজের কাজ কিছুই হয় না।
ইউএনও ব্রেনজং চাম্বুগং বলেন, ‘মাদক ব্যবসা-সংক্রান্ত তথ্য আমাদের সুনির্দিষ্টভাবে জানালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ব্যবস্থা নেওয়া সম্ভব। তবে এর পাশাপাশি সামাজিক সচেতনতাও বাড়াতে হবে।’
এ বিষয়ে সিরাজগঞ্জের পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, শহর এলাকায় উপর্যুপরি অভিযান পরিচালনা করায় মাদক ব্যবসায়ীরা অনেকেই এখন ভ্রাম্যমাণ হয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। মাদক নিয়ন্ত্রণে পুলিশ প্রশাসন সব সময় প্রস্তুত। অভিযোগ পেলেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে পুলিশের পাশাপাশি জনপ্রতিনিধিদের ভূমিকাও গুরুত্বপূর্ণ বলে তিনি মত প্রকাশ করেন।