আইনশৃঙ্খলার অবনতিতে সাংসদের উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে স্থানীয় সাংসদ র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী উদ্বেগ প্রকাশ করেছেন। গতকাল শুক্রবার শহরের আমিন কনভেনশন সেন্টারে সময় টিভির পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন। 
সাংসদ বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির একটু অবনতি হয়েছে। জনপ্রতিনিধি হিসেবে তিনি এর দায় এড়াতে পারেন না বলে এলাকার নাগরিকদের কাছে ক্ষমা প্রার্থনা করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পৌর মেয়র হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক আল মামুন সরকার, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের ব্রাহ্মণবাড়িয়া শাখার সাধারণ সম্পাদক আবু সাঈদ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মিজানুর রেজা প্রমুখ।
৮ এপ্রিল কাউতলি এলাকা থেকে দুই হাত ও দুই পায়ের রগ ও গলা কাটা অবস্থায় মনির হোসেনের লাশ উদ্ধার করে পুলিশ। একই দিন বিজয়নগরের চরইসলামপুর গ্রামসংলগ্ন সোনাই নদী থেকে সমদেব বর্মণ নামে এক ইটভাটা শ্রমিকের লাশ উদ্ধার করে পুলিশ। ৯ এপ্রিল সদর উপজেলার গৌতমপাড়ার হোসেন মিয়ার ছেলে সাজিদ উল্লাহর (৫) গলিত লাশ জাঙ্গাল গ্রামের জমি থেকে উদ্ধার করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মনিরুজ্জামান বলেন, সম্প্রতি কয়েকটি ঘটনা ঘটায় বিষয়টি সবার নজরে এসেছে। এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের শিগগির গ্রেপ্তার করা হবে। এসব হত্যাকাণ্ডকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দাবি করে তিনি জনগণকে উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ জানান।