আইনের আশ্রয় নেব: মোসাদ্দেক

প্রথমে দায়িত্ব নিতে বাধা পেয়েছেন। অনেক ঘাম ঝরিয়ে গতকাল রোববার বেলা তিনটার দিকে মেয়রের চেয়ারে বসতেও সক্ষম হয়েছিলেন মোসাদ্দেক হোসেন। আট মিনিটের মাথায় রাজশাহী সিটি করপোরেশনের মেয়র পদ থেকে সাময়িক বরখাস্তের চিঠি পান তিনি। দ্বিতীয় দফায় বরখাস্ত হওয়ার পরদিন আজ সোমবার এ নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন মোসাদ্দেক।
প্রথম আলো: ফের বরখাস্তের আদেশ পেলেন, এখন কী করবেন?
মোসাদ্দেক হোসেন: আমি আইনগত পদক্ষেপ নেব। কারণ, মাননীয় সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে বলা হয়েছে, আদালতে কোনো মামলার অভিযোগপত্র গৃহীত হলেও পলাতক না থাকলে কোনো জনপ্রতিনিধিকে বরখাস্ত করা যাবে না। বরখাস্তের আদেশের মাধ্যমে ইতিমধ্যে নির্বাহী বিভাগ বিচার বিভাগের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে।
প্রথম আলো: কবে আইনের আশ্রয় নেবেন?
মোসাদ্দেক হোসেন: আজ (সোমবার) সম্ভব হচ্ছে না। আমি রাজশাহী কোর্টে এসেছি। এটা ঢাকায় করতে হবে। আগামীকালই ঢাকায় লোক চলে যাবে।
প্রথম আলো: গতকাল নগর ভবনে বসে বলেছিলেন, বরখাস্তের ফ্যাক্স ষড়যন্ত্রমূলক। আদালতের আদেশ না আসা পর্যন্ত অফিস করতে চেয়েছিলেন। এখন অফিসে কি যাবেন?
মোসাদ্দেক হোসেন: গতকাল বিকেল পাঁচটার দিকে আমার বাসার পিয়নের কাছ থেকে সিটি করপোরেশনের কোনো একজন লোক এসে বরখাস্তের আদেশের কপি সই করিয়ে নিয়ে গেছে। এ জন্য আমি কোনো ঝামেলায় যেতে চাচ্ছি না। আমার মানসিকতা ওই রকম না। আইনি পদক্ষেপ নেব।
প্রথম আলো: আগে তো কখনো সিটি করপোরেশনের গাড়ি ব্যবহার করেননি। গতকাল নগর ভবন থেকে বেরিয়ে যাওয়ার সময় গাড়িতে গিয়েছিলেন। গাড়ি কি ফেরত দিয়েছেন?
মোসাদ্দেক হোসেন: যেহেতু বরখাস্তের আদেশের কপিতে সই দেওয়া হয়েছে। তাই আমি বিকেলেই গাড়ি ফেরত পাঠিয়েছি।
প্রথম আলো: ফের বরখাস্ত হওয়ার ঘটনায় আপনার প্রতিক্রিয়া কী?
মোসাদ্দেক হোসেন: রাজশাহী সিটি করপোরেশনের কিছু অর্থলোভী কাউন্সিলর ও কর্মচারীরা যে কর্মকাণ্ড করল, তা জঘন্য। এই প্রক্রিয়ার মাধ্যমে একটি সেবামূলক প্রতিষ্ঠানকে বাণিজ্যিক প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছে। ৯০০ গুণ পর্যন্ত হোল্ডিং ট্যাক্স বাড়ানো হয়েছে। ভুঁইফোড় লোক দিয়ে সিটি করপোরেশনের মতো প্রতিষ্ঠান চালানোর মানেই হচ্ছে প্রতিষ্ঠানটিকে নেতৃত্বশূন্য করা।
প্রথম আলো: আপনাকে ধন্যবাদ।
মোসাদ্দেক হোসেন: আপনাকেও ধন্যবাদ।