রাষ্ট্রপতির সঙ্গে আলোচনায় অংশ নিয়ে নির্বাচন কমিশন (ইসি) গঠনে আইন প্রণয়নের প্রস্তাব করেছে বাসদ, বিকল্পধারা ও ইসলামী আন্দোলন। আর জাসদ সময়াভাবে এখন আইন না করে পরবর্তী সংসদে তা করার ওপর জোর দিয়েছে। তবে সব দলই রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির আলোচনার উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছে।
গতকাল সোমবার রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে পৃথক বৈঠকে চারটি দল বিভিন্ন বিষয়ে তাদের প্রস্তাব তুলে ধরে। রাষ্ট্রপতির সঙ্গে গতকাল প্রথম বৈঠকে মিলিত হয় জাসদের একাংশের সভাপতি শরীফ নূরুল আম্বিয়ার নেতৃত্বে ১২ সদস্যের প্রতিনিধিদল। তারা পাঁচ দফা প্রস্তাব পেশ এবং সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধান ও সাবেক প্রধান নির্বাচন কমিশনারদের সমন্বয়ে সার্চ কমিটি গঠনের প্রস্তাব দেয়। প্রস্তাবে সরাসরি আইন করার বিষয়টি তারা আনেনি। আলোচনাকালে জাসদের কার্যকরী সভাপতি সাংসদ মইন উদ্দীন খান বাদল, সাধারণ সম্পাদক সাংসদ নাজমুল হক প্রধানসহ প্রতিনিধিদলের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এরপর রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করতে আসেন বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামানের নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধিদল। তারাও রাষ্ট্রপতির কাছে পাঁচ দফা প্রস্তাব পেশ করে। তারা স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের জন্য আইন প্রণয়নের প্রস্তাব করে। সার্চ কমিটি গঠনের প্রস্তাব করে বাসদ নির্বাচন কমিশনের জন্য পৃথক বাজেটের প্রস্তাব করে।
রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়নের প্রস্তাব করে বিকল্পধারা বাংলাদেশ। বৈঠকে দলের নেতৃত্ব দেন বিকল্পধারা বাংলাদেশের সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। আলোচনাকালে বিকল্পধারার মহাসচিব আবদুল মান্নান, যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরীসহ প্রতিনিধিদলের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতির সঙ্গে সর্বশেষ আলোচনায় যোগ দেয় ইসলামী আন্দোলনের আমির সৈয়দ রেজাউল করীমের নেতৃত্বে ১১ সদস্যের একটি প্রতিনিধিদল। তারাও নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে সাত দফা প্রস্তাব পেশ করে।