বিশিষ্ট আইনজীবী ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, আইনের শাসনের অনুপস্থিতি ও মতপ্রকাশের স্বাধীনতার অভাবেই জঙ্গিবাদ-সন্ত্রাস বাড়ছে, গুলশানের নারকীয় ঘটনা তারই বহিঃপ্রকাশ।
গতকাল রোববার মতিঝিলের ইনার সার্কুলার রোডে গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে দলের ঢাকা মহানগর কমিটির ইফতার অনুষ্ঠানে ড. কামাল হোসেন এ কথা বলেন। তিনি বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে অশুভ, অগণতান্ত্রিক শক্তিই বৃদ্ধি পাচ্ছে। গুলশানের এ হামলা প্রমাণ করে, জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ মোকাবিলায় আমাদের গোয়েন্দা ও নিরাপত্তা বাহিনী যথাযথ দক্ষ নয়। দেশ যেভাবে পরিচালিত হচ্ছে, তাতে সংকট আরও গভীরতর হচ্ছে।’
ড. কামাল বিভিন্ন স্থানে খুন, সংখ্যালঘু হত্যার উল্লেখ করে বলেন, এ ব্যাপারে বক্তৃতা-বিবৃতি, প্রেসনোট দেওয়া ছাড়া কার্যকর কোনো ব্যবস্থাই নেওয়া হচ্ছে না। তিনি জঙ্গি তৎপরতা, সন্ত্রাস, গুপ্তহত্যা ও ক্রসফায়ারের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
গণফোরাম ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা মফিদুল ইসলাম খান, সুব্রত চৌধুরী, মোশতাক আহমেদ প্রমুখ।
গতকাল সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি জঙ্গি হামলা ও নারকীয় হত্যার বিরুদ্ধে দেশের সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে। দলের ঢাকা মহানগর কমিটি এ সমাবেশ করে।
সমাবেশে নেতারা আশঙ্কা প্রকাশ করে বলেন, সন্ত্রাসী গোষ্ঠী আক্রমণের যে নতুন মাত্রা ও লক্ষ্য ঠিক করেছে, তার আরও পুনরাবৃত্তি ঘটতে পারে। এ পরিস্থিতি মোকাবিলায় সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ উদ্যোগ নিতে হবে।
কমরেড আবুল হোসাইনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন দলের নেতা মাহমুদুল হাসান, কামরুল আহসান, আমিরুল হক, মোস্তফা আলমগীর প্রমুখ।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন—বিএফইউজের (একাংশ) নেতারা গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে অবিলম্বে গুলশান হত্যাকাণ্ডের মূল ষড়যন্ত্রকারীদের গ্রেপ্তার দাবি করেছেন।
মানববন্ধনে অংশ নিয়ে বক্তব্য দেন বিএফইউজের মহাসচিব ওমর ফারুক, ডিইউজের সভাপতি শাবান মাহমুদ, বিএফইউজের সাবেক মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া প্রমুখ।
গতকাল এক বিবৃতিতে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অলি আহমদ বলেছেন, সরকার পরিচালনায় রাজনৈতিক দল এবং জনগণের কোনো অংশগ্রহণ নেই। এর ফলে মাঝেমধ্যে উগ্রবাদী গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠছে।
পৃথক বিবৃতিতে বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়া বলেছেন, বিরোধী দলকে দমন করতে গিয়ে অবৈধ সরকারের মন্ত্রীরা জঙ্গিবাদের জিগির তুলে দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।