আইপিইউ সম্মেলনে বাংলাদেশের কিছুই অর্জিত হবে না: মোশাররফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) সম্মেলনের মাধ্যমে বাংলাদেশের কিছুই অর্জিত হবে না। 

আজ বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয়তাবাদী মহিলা দলের এক আলোচনা সভায় খন্দকার মোশাররফ হোসেন এ কথা বলেন।
খন্দকার মোশাররফ বলেন, অনির্বাচিত সরকার যে লাভের উদ্দেশ্যে তাঁদের নিয়ে এসেছে, তার কিছুই হবে না। বরং আমন্ত্রণে এসে নির্বাচিত প্রতিনিধিরা অনুধাবন করে যাচ্ছেন যে বাংলাদেশের বর্তমান সরকারের আসল রূপ—যেখানে নির্বাচিত জনপ্রতিনিধি তাঁর দায়িত্ব পালন করতে পারেন না, দায়িত্বে বসতে না বসতেই বরখাস্ত করা হয়।
বিএনপির এই নেতা বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফরে তিস্তা ব্যতীত অন্য কোনো চুক্তি করা হলে সেই সফর ব্যর্থ হতে বাধ্য। কারণ, তিস্তার পানি বাংলাদেশের জীবনমরণ সমস্যা। তিনি বাংলাদেশের সঙ্গে কোনো প্রকার বিতর্কিত চুক্তি না করতে ভারতের প্রতি আহ্বান জানান।
মহিলা দলের জ্যেষ্ঠ সহসভাপতি নুরজাহান ইয়াসমিনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন, মহিলাবিষয়ক সম্পাদক নূরে আরা সাফা প্রমুখ।