আইভি রহমানকে শ্রদ্ধায় স্মরণ

প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী ও মহিলা আওয়ামী লীগের সভাপতি আইভি রহমানের ১১তম মৃত্যুবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল বনানীতে আইভি রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ, মোনাজাত, ফাতিহা পাঠ, কোরআনখানি, মিলাদ ও আলোচনা সভা।
প্রয়াত আইভি রহমানের গুলশানের বাসভবনে গতকাল সোমবার বাদ আসর জিল্লুর রহমান, আইভি রহমান ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশ নেন। তিনি আইভি রহমানের ছেলে সাংসদ নাজমুল হাসান পাপনসহ পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।
দোয়া মাহফিলে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমসহ আইভি রহমানের আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী, সাংসদ, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকেরা অংশ নেন।
এর আগে সকালে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন আমরা মুক্তিযোদ্ধার সন্তান, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটসহ কয়েকটি সংগঠনের পক্ষ থেকে বনানী কবরস্থানে আইভি রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় মহিলা আওয়ামী লীগের সভাপতি আইভি রহমান গুরুতর আহত হন। ২৪ আগস্ট সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি মারা যান। ওই গ্রেনেড হামলায় তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা অল্পের জন্য প্রাণে বেঁচে যান।
ভৈরবে স্মরণসভা: প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, ভৈরব জানান, আইভি রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর নিজ এলাকা কিশোরগঞ্জের ভৈরবে গতকাল সকালে স্মরণসভা হয়েছে।
ভৈরব উপজেলা ও শহর আওয়ামী লীগের একাংশের উদ্যোগে জিল্লুর রহমান পৌর মিলনায়তনে এই স্মরণসভার আয়োজন করা হয়। বক্তারা ১১ বছরেও এই হত্যার বিচার সম্পন্ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। স্মরণসভা শেষে মিলাদ ও দোয়া মাহফিল হয়। এর আগে সকাল ছয়টায় ভৈরব উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হয়। সাড়ে ছয়টায় আইভি রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।