আইভি রহমানের ১২তম মৃত্যুবার্ষিকী পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইভি রহমান
আইভি রহমান

প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের স্ত্রী ও মহিলা আওয়ামী লীগের সভাপতি আইভি রহমানের ১২তম মৃত্যুবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল বনানীতে আইভি রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ, কোরআনখানি, মিলাদ ও আলোচনা সভা।
আইভি রহমানের গুলশানের বাসভবনে গতকাল বুধবার বাদ আসর মো. জিল্লুর রহমান, আইভি রহমান এবং ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সেখানে আইভি রহমানের ছেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসানসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে সকালে আওয়ামী লীগ ও এর সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠনের পক্ষ থেকে বনানী কবরস্থানে আইভি রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। সেখানে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরীসহ জ্যেষ্ঠ নেতারা।
বেগম আইভি রহমান মৃত্যুবার্ষিকী পালন কমিটি সকালে শিল্পকলা একাডেমিতে আলোচনা সভার আয়োজন করে। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।
২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় মহিলা আওয়ামী লীগের সভাপতি আইভি রহমান গুরুতর আহত হন। ২৪ আগস্ট সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি মারা যান। ওই গ্রেনেড হামলায় তৎকালীন বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা অল্পের জন্য প্রাণে বেঁচে যান।