কাল সোমবার থেকে শুরু হবে আনুষ্ঠানিক প্রচার
আইভীর গুরুত্ব ব্যক্তি ইমেজে, সাখাওয়াতের ধানের শীষে

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ভোটারদের টানতে সরকারদলীয় প্রার্থী সেলিনা হায়াৎ আইভী গুরুত্ব দিচ্ছেন তাঁর ব্যক্তি ইমেজকে। অন্যদিকে বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন খানের ভরসা দলীয় প্রতীক ধানের শীষ।
আইভীর ঘনিষ্ঠজনেরা প্রথম আলোর সঙ্গে আলাপকালে বলেছেন, আইভী এর আগের দুই নির্বাচনে দল-মত-নির্বিশেষে সবার ভোট পেয়েছেন। সন্ত্রাস ও গডফাদারের বিরুদ্ধে সাহসী ভূমিকার কারণে আইভীর একটা ইমেজ গড়ে উঠেছে। তাঁরা মনে করেন, এ নির্বাচনকে ‘নৌকা’ ও ‘ধানের শীষ’ প্রতীকের লড়াইয়ের মধ্যে সীমাবদ্ধ করে ফেললে আইভী ব্যক্তি ইমেজের কারণে যেসব ভোট পেতেন, সেগুলো বিভক্ত হয়ে যাবে। তাই তাঁরা ভোটারদের কাছে মার্কা নয়, আইভীর নামে ভোট চাইবেন।
অপরদিকে বিএনপির স্থানীয় নেতারা বলছেন, তাঁদের দলীয় প্রার্থী সাখাওয়াত হোসেন খান ‘প্রতীকী প্রার্থী’। তাঁরা মূলত ভোটারদের কাছে ধানের শীষের জন্য ভোট চাইবেন। একই সঙ্গে সরকারবিরোধী সব পক্ষের ভোট টানার চেষ্টা করবেন।
কাল সোমবার থেকে শুরু হবে আনুষ্ঠানিক প্রচার। তবে গতকাল শনিবার সকালে সাখাওয়াত হোসেন খান জেলা বিএনপির কার্যালয়ে নগর মহিলা দলের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। এরপর শহরের ২ নম্বর রেলগেট এলাকায় ভোটারদের সঙ্গে কথা বলেন। অন্যদিকে আইভী দুপুরের পর সিদ্ধিরগঞ্জ এলাকায় যান। সেখানে তিনি সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমানের বাসায়ও যান।
বিগত দুটি নির্বাচনে অংশ নিয়ে জয়লাভ করেন আইভী। তবে এবারই প্রথমবারের মতো আওয়ামী লীগের দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করছেন তিনি। সেলিনা হায়াৎ আইভী প্রথম আলোকে বলেন, আট বছর পৌরসভার মেয়র ও পাঁচ বছর সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব পালন করেছেন। প্রতিকূল পরিস্থিতিতে মানুষের ভালো হবে এমন কাজগুলো করেছেন। ভোটের আগেও মানুষের পাশে ছিলেন। এখন ভোট চাইতে মানুষের দ্বারে দ্বারে যাবেন।
নৌকা প্রতীক প্রসঙ্গে আইভী বলেন, ‘আমি মোমবাতি, দোয়াত কলম প্রতীক নিয়ে ভোট করেছি। এবার নৌকা নিয়ে করব। নৌকা অনেক অর্থ বহন করে। নৌকা হলো উন্নয়নের মার্কা। তাই এবার নৌকা প্রতীকে জয়লাভ করে উন্নয়নের জোয়ারকে অব্যাহত রাখব।’
গত শনিবার রাতে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের প্রতিনিধিদলের সঙ্গে স্থানীয় আওয়ামী লীগের নেতাদের বৈঠক হয়। ওই বৈঠকে ছিলেন এমন একজন কেন্দ্রীয় নেতা নাম না প্রকাশের শর্তে বলেন, ‘বৈঠকের পর আমাদের নিজেদের মূল্যায়ন হলো ব্যক্তি আইভী নারায়ণগঞ্জে যথেষ্ট শক্তিশালী। আইভীর নিজস্ব ভোটব্যাংক আছে।’
বৈঠকে ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরীও। তিনি প্রথম আলোকে বলেন, আইভী জনপ্রিয় নেতা। তাঁর ব্যক্তি ইমেজ আছে। দলের লোকেরাও তাঁর পক্ষে কাজ করবেন।
আইভীর শুভাকাঙ্ক্ষীদের মধ্যে অন্যতম ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বির মতে, এই নির্বাচনে কেন্দ্রীয় আওয়ামী লীগের হস্তক্ষেপ যত কম হবে সেটা আইভীর জন্য ভালো হবে। তাঁকে তাঁর মতো নির্বাচন করতে দিতে হবে। ইমেজের কারণে তিনি অনেক ভোটার টানতে পারবেন।
রাব্বি প্রথম আলোকে বলেন, আইভী ও শামীম ওসমানের দ্বন্দ্ব খুব একটা গুরুত্বপূর্ণ নয়। বরং শামীম ওসমান পক্ষে নামলে আইভীর ক্ষতি হবে। আইভী সব সময় ওসমান পরিবারের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ান। তাঁর এই ইমেজ ভোটারদের কাছে ধরে রাখতে হবে।
সাখাওয়াতের ভরসা ‘ধানের শীষ’: আইভীর প্রধান প্রতিদ্বন্দ্বী সাখাওয়াত হোসেন এই প্রথমবারের মতো নির্বাচন করছেন। তিনি সাত খুন মামলার আইনজীবী হিসেবে বেশি পরিচিত। তিনি প্রথম আলোকে বলেন, মানুষ সরকারের প্রতি অতিষ্ঠ। নারায়ণগঞ্জে সরকারদলীয়দের নানা অপকর্ম, অন্যায় কাজের নজির রয়েছে। নারীরা এখন আর আওয়ামী লীগকে পছন্দ করেন না। এ কারণে তিনি ধানের শীষের পক্ষে ভোটের জন্য ভোটারদের কাছে যাবেন।
সাখাওয়াত গতকাল সকালে জেলা বিএনপির কার্যালয়ে স্থানীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন। সেখানে এই প্রতিবেদকসহ আরও কয়েকজন সংবাদকর্মীও উপস্থিত ছিলেন।
বৈঠকে বিএনপির নগর কমিটির সহসভাপতি জাকির হোসেন বলেন, ধানের শীষ যেমন একটি প্রতীক, সাখাওয়াতও তাই। এখানে কে প্রার্থী তা ভাবার দরকার নেই। সবাইকে ধানের শীষের জন্য ভোট চাইতে হবে।
বৈঠকে সাখাওয়াত বলেছেন, ‘বিএনপি জিয়ার আদর্শের দল। এখন নেতৃত্ব দিচ্ছেন খালেদা জিয়া। আমি বিএনপির নেতা-কর্মীদের কাছে বলব, আপনারা ধানের শীষের জন্য বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইবেন। বিএনপির চেয়ারপারসন এই নির্বাচনে যেতে বলেছেন। তাঁকে বিজয় উপহার দিতে হবে।’
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামাল প্রথম আলোকে বলেন, তাঁরা ভোটারদের কাছে ক্ষমতাসীন দলের দুর্নীতি, নির্যাতনের কথা তুলে ধরবেন। স্থানীয় নারী নির্যাতনের ঘটনাগুলো সামনে আনবেন।
আইভীকে সতর্ক করা হয়েছে: রিটার্নিং কর্মকর্তা মো. নুরুজ্জামান তালুকদার গতকাল প্রথম আলোকে বলেন, আচরণবিধি ভঙ্গের অভিযোগে আওয়ামী লীগদলীয় মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভীসহ কয়েকজন কাউন্সিলর পদপ্রার্থীকে মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে সতর্ক করা হয়েছে।
রিটার্নিং কর্মকর্তা বলেন, আচরণবিধি ও আইনশৃঙ্খলা পর্যবেক্ষণে তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে আছেন। তিনি প্রত্যেক প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান জানান।