আইভীর পক্ষে ঐক্যের উদ্যোগ আ.লীগের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন নিয়ে সাংসদ শামীম ওসমানসহ জেলার অন্যান্য সাংসদ ও নেতাদের সঙ্গে বৈঠক করবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। আজ সোমবার আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা। ওই বৈঠকে সে​িলনা হায়াৎ​ আইভীও থাকবেন বলে দলীয় সূত্র জানিয়েছে।

সূত্র জানিয়েছে, এই বৈঠক থেকে সব ভেদাভেদ ভুলে দলীয় প্রার্থী আইভীর পক্ষে সবাইকে কাজ করার নির্দেশনা দেওয়া হবে। এরপরও যদি মনে হয় মতপার্থক্য রয়ে গেছে, তাহলে দলীয় প্রধান শেখ হাসিনা নারায়ণগঞ্জের নেতাদের নিয়ে বৈঠক করবেন।

গত শুক্রবার আইভীকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়। ওই বৈঠকে উপস্থিত একজন নেতা বলেন, প্রধানমন্ত্রীসহ অন্য নেতারা শামীম ওসমানসহ সব পক্ষের নেতাদের কাছে যাওয়ার পরামর্শ দিয়েছেন আইভীকে। দলীয় প্রধান এটাও বলেছেন, আইভীকে জয়ী করে আনা শামীম ওসমানের জন্যও পরীক্ষা। এ অবস্থায় দলে অবস্থান ঠিক রাখতে সবাইকে যার যার অবস্থান থেকে সর্বাত্মকভাবে চেষ্টা করতে হবে।

আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় নেতা ওই বৈঠকে বলেন, সব পক্ষ এক হয়ে যাবে। তিনি বলেন, ‘বর ঠিক হয়ে গেছে। এখন বরযাত্রীদের দূরে থাকার সুযোগ নেই। কেউ দূরে বসে থাকলে নিজেরই ক্ষতি হবে।’

জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ প্রথম আলোকে বলেন, নারায়ণগঞ্জের সব নেতাকে নিয়ে তাঁরা বসবেন। আশা করছেন সবাই দলীয় প্রার্থীকে জয়ী করার জন্য সর্বাত্মক চেষ্টা করবেন। তিনি বলেন, ‘কারও মনে যদি কোনো কষ্ট থাকে তা আমরা শুনব। সমাধানের চেষ্টা করব। কিন্তু দলীয় প্রার্থীর পক্ষে সবাইকে কাজ করতে হবে।’

মনোনয়নপত্র নিয়েছেন পাঁচজন: মেয়র পদে বর্তমান মেয়র আইভীসহ পাঁচজন মনোনয়ন সংগ্রহ করেছেন। এ ছাড়া সাধারণ সদস্যপদে ১৮২ জন এবং সংরক্ষিত সদস্যপদে ৩৬ জন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বেলা দুইটায় রিটার্নিং কর্মকর্তা মো. নুরুজ্জামান তালুকদার বলেন, মেয়র পদে আওয়ামী লীগ থেকে বর্তমান মেয়র সেলিনা হায়াৎ আইভী, বিএনপি নেতা সুলতান মাহমুদ, কল্যাণ পার্টি থেকে রাশেদ চৌধুরী, এলডিপি থেকে কামাল প্রধান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে মাহবুবুর রহমান ইসমাইল মনোনয়নপত্র নিয়েছেন।

বিএনপির প্রার্থী ঠিক হয়নি: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে নির্বাচনে বিএনপি মেয়র পদে তাদের দলীয় প্রার্থী এখনো ঠিক করতে পারেনি। মনোনয়নপ্রত্যাশীদের তালিকায় যাঁদের নাম শোনা যাচ্ছে তাঁরা হলেন জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকার, সাবেক সাংসদ আবুল কালাম, নগর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামাল, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন। তবে গত শুক্রবার এক বৈঠকে বিএনপি তৈমুর আলমকে প্রার্থী হতে বলে। তবে এটি এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হয়নি। নগর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামাল বলেন, দল আজকালের মধ্যে চূড়ান্তভাবে প্রার্থী মনোনয়ন দেবে।

সিদ্ধান্ত নেই জাতীয় পার্টির: আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের শরিক জাতীয় পার্টি কেন্দ্রীয়ভাবে এই নির্বাচনে প্রার্থী দেওয়ার কোনো সিদ্ধান্ত নেয়নি। দলের কো-চেয়ারম্যান জি এম কাদের প্রথম আলোকে বলেন, স্থানীয়ভাবে অনেকে অনেক কিছু করছে, বলছে। তবে কেন্দ্রীয়ভাবে এখনো নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

নারায়ণগঞ্জ থেকে জাতীয় পার্টির নির্বাচিত সাংসদ সেলিম ওসমান গতকাল বিকেলে নারায়ণগঞ্জ কলেজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী দেওয়ার চিন্তাভাবনায় আছি। আমাদের একটা প্রস্তুতি আছে।’ তবে তিনি চূড়ান্ত কোনো সিদ্ধান্তের কথা জানাতে পারেননি।

জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার প্রথম আলোকে বলেন, কয়েকজন সাংসদ নারায়ণগঞ্জে প্রার্থী দেওয়ার ব্যাপারে জোর দাবি জানাচ্ছেন। নারায়ণগঞ্জেও জাতীয় পার্টির সাংসদ আছেন। তবে দল এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। তিনি বলেন, সবকিছু দেখেশুনে আজকালের মধ্যে দলের চেয়ারম্যান সিদ্ধান্ত নেবেন।