আইভীর পদত্যাগ, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ সাখাওয়াতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন খান অভিযোগ করেছেন, গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর বৈঠকের মাধ্যমে আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটেছে।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে গতকাল বুধবার মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহের পর সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেন সাখাওয়াত হোসেন।

সিটি নির্বাচন নিয়ে নারায়ণগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষের মতপার্থক্য নিরসনে প্রার্থী আইভীসহ সংশ্লিষ্ট পক্ষের নেতাদের নিয়ে গত মঙ্গলবার রাতে গণভবনে বৈঠক করেন প্রধানমন্ত্রী। সাখাওয়াত হোসেনের অভিযোগ, এই বৈঠক নির্বাচনী আচরণবিধির ব্যত্যয়।

নির্বাচনে সেনা মোতায়েনের দাবি জানিয়ে সাখাওয়াত হোসেন বলেন, ‘সিটি করপোরেশনের ভোটাররা নির্বাচনের গণতন্ত্রের যে অধিকার, সেই অধিকার থেকে দীর্ঘদিন ধরে বঞ্চিত। এ নির্বাচন কমিশন ও সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি। কিন্তু যেহেতু এটাই এ কমিশনের সর্বশেষ নির্বাচন, সেই হিসেবে আমরা অত্যন্ত আশা নিয়ে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় নির্বাচনে অংশগ্রহণ করছি।’

আইভীর পদত্যাগ: দ্বিতীয়বারের মতো নির্বাচনে অংশ নেওয়ার জন্য মেয়রের পদ থেকে পদত্যাগ করেছেন আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী। গতকাল বিকেলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবর পদত্যাগপত্র পাঠিয়ে পদত্যাগ করেছেন তিনি। পরে তিনি নগর ভবনে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

গণভবনে বৈঠকের বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের আইভী বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা আমাদের সবাইকে নির্দেশ দিয়েছেন মিলেমিশে নৌকার জন্য কাজ করতে।’ তিনি আরও বলেন, ‘গত পাঁচ বছর এখানে কাজ করেছি। আমার সর্বস্ব দিয়ে কাজ করার চেষ্টা করেছি, সফলতা কী আছে তা আপনারাই দেখেছেন। পাঁচ বছরে আমি কতটুকু সফল এবং কতটুকু ব্যর্থ, তা নারায়ণগঞ্জবাসীই বিচার করবে। আমার ব্যর্থতার কথা যদি বলতে চাই, তবে বলব, আমি শতভাগ ট্যাক্স আদায় করতে পারিনি। এটাই আমার জন্য ব্যর্থতা। তবে ৬০ ভাগ ট্যাক্স আদায় করেছি।’