আইভীর বিরুদ্ধে শামীম ওসমানের বিষোদ্গার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে বিষোদ্গার করেছেন স্থানীয় সাংসদ আওয়ামী লীগের নেতা শামীম ওসমান। শামীম ওসমান সেলিনা হায়াৎ আইভীর উদ্দেশে বলেন, ‘সাহস থাকলে আগামী নির্বাচনে আপনি প্রার্থী হইয়েন, দেখব আপনার বাক্সে কয়টা ভোট পড়ে। আবার হঠাৎ কইরা দেশ ছাইড়া পালাইয়েন না।’
গতকাল রোববার নগরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় বঙ্গবন্ধু সড়কে ‘নারায়ণগঞ্জের সচেতন নাগরিক’-এর ব্যানারে আয়োজিত সমাবেশে তিনি ওই সব কথা বলেন।
২০১১ সালের ৩০ অক্টোবর অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রথম নির্বাচনে মেয়র পদে সেলিনা হায়াৎ আইভী শামীম ওসমানকে লক্ষাধিক ভোটের ব্যবধানে পরাজিত করেন।
সমাবেশে বক্তাদের প্রায় সবাই ছিলেন নারায়ণগঞ্জের রাজনীতিতে শামীম ওসমান ও তাঁর ভাই নারায়ণগঞ্জ-৫ আসনের জাপা (এ) দলীয় সাংসদ সেলিম ওসমানের অনুগত হিসেবে পরিচিত। সমাবেশে প্রধান বক্তার বক্তৃতাকালে মেয়র আইভীর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ আনেন শামীম ওসমান।
মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা প্রসঙ্গে শামীম ওসমান বলেন, এ হত্যার তদন্ত যেসব র্যা ব কর্মকর্তা করতেন, পরবর্তী সময়ে তাঁদের কী পরিণতি হয়েছে তা আপনারা জানেন। ষড়যন্ত্রমূলকভাবে ত্বকী হত্যার দায় আমাদের ওপর চাপানো হয়েছে। একদিন প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।
তরুণ নাট্যকার দিদারুল আলম চঞ্চল হত্যা প্রসঙ্গে শামীম ওসমান বলেন, ‘চঞ্চলকেও নাকি আমরা খুন করেছি। নারায়ণগঞ্জের সব খুনই নাকি আমাদের দ্বারা হয়েছে।’ তিনি বলেন, চঞ্চলকে খুন করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি অংশ।
সমাবেশে আরও বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক খোকন সাহা, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আবুল জাহের প্রমুখ।
সমাবেশ উপলক্ষে মেয়র আইভীর বিকৃত ছবি এবং তাঁর বিরুদ্ধে লেখা কুরুচিপূর্ণ স্লোগান দিয়ে বানানো বিলবোর্ড ও ব্যানারে নগরের প্রধান প্রধান সড়ক সাজানো হয়।
প্রতীকী আদালত: সমাবেশ মঞ্চের ডান পাশে, বঙ্গবন্ধু সড়কের মাঝখানের আইল্যান্ডে (সড়ক দ্বীপ) প্রতীকী আদালত বানানো হয়। এর আসামির কাঠগড়ায় ছিলেন মেয়র আইভী। তবে বিচারকের আসন খালি ছিল। এর পেছনে লেখা ছিল ‘জনতার আদালত’।