আইভীর মনোনয়নে গুরুত্ব পেয়েছে 'ভারসাম্য রক্ষা'
নারায়ণগঞ্জে আওয়ামী লীগের রাজনীতিতে ভারসাম্য রক্ষা করতেই সেলিনা হায়াৎ আইভীকে মনোনয়ন দেওয়া হয়েছে বলে মনে করছেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা। তাঁদের মতে, ওসমান পরিবারের নানা ‘অনিয়মের’ বিপক্ষে নারায়ণগঞ্জে আইভী সব সময় ছিলেন অগ্রভাগে। সেখানকার রাজনীতিতে যে দলাদলি, তাতে দুর্বৃত্তায়নকে তাঁরা প্রশ্রয় দিতে পারেন না। এ কারণে আইভীকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, জেলার রাজনীতিসহ সবকিছুই ওসমান পরিবারের নিয়ন্ত্রণে। একমাত্র সিটি করপোরেশন ওই পরিবারের হাতছাড়া। ওসমান পরিবারের একক আধিপত্য থেকে ধীরে ধীরে সেখানে দলীয় রাজনীতিতে ভারসাম্য আনতে চাইছে আওয়ামী লীগ। এরই ফলে আইভীকে কিছুদিন আগে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি মনোনীত করা হয়।
আওয়ামী লীগের দুজন সভাপতিমণ্ডলীর সদস্য প্রথম আলোকে বলেন, আইভীকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়ার পেছনে কাজ করেছে নারায়ণগঞ্জে তাঁর জনপ্রিয়তা, নারীর ক্ষমতায়ন ও বিএনপি নির্বাচনে থাকছে—এসব হিসাব-নিকাশ বিবেচনায় নিয়ে। এ ছাড়া নারায়ণগঞ্জে স্থানীয় সরকারের পরিচালনায় আইভী দক্ষতার পরিচয় দিয়েছেন। কিছু কিছু পরিকল্পনা মন্ত্রণালয়ও গ্রহণ করেছে। তবে এর পেছনে সবচেয়ে বেশি কাজ করেছে নারায়ণগঞ্জে আওয়ামী লীগের ক্ষমতার ভারসাম্য রক্ষা।
গতকাল শনিবার আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের দুজন সদস্য প্রথম আলোকে বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের জন্য তৃণমূল থেকে যে তিনজনের নাম পাঠানো হয়েছে, আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় তাঁদের কারও নামই উল্লেখ করা হয়নি। সভায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত মেধা, দক্ষতা ও রাজনৈতিক সফলতার দিক থেকে আইভীকে এগিয়ে রাখেন এবং তাঁকে মনোনয়ন দেওয়া হলে বিজয় নিশ্চিত বলে উল্লেখ করেন। এরপর একে একে সব সদস্য আইভীর পক্ষে বক্তব্য দেন। প্রায় সবার বক্তব্যে একটি কথাই উঠে আসে যে বিএনপি এই নির্বাচনে অংশ নেবে। সে ক্ষেত্রে জনপ্রিয় প্রার্থী ও নারায়ণগঞ্জবাসীর জনমতকে গুরুত্ব দিতে হবে। তাঁরা আইভীর পক্ষেই রয়েছেন। ফলে নারায়ণগঞ্জবাসীর জনমতকে উপেক্ষা করে অন্য কোনো প্রার্থী দেওয়া হলে ফল বিপর্যয় ঘটতে পারে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আইভীকে বেছে নেওয়ার বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মুহাম্মদ ফারুক খান প্রথম আলোকে বলেন, ‘আইভীর যোগ্যতা, জনপ্রিয়তা এবং তৃণমূলে গ্রহণযোগ্যতার কারণে তাঁকে মনোনয়ন দেওয়া হয়েছে। আমরা তৃণমূলে খবরাখবর নিয়ে দেখেছি, তৃণমূলে তিনি সবচেয়ে জনপ্রিয়। এ কারণে তাঁকে মনোনয়ন দেওয়া হয়েছে।’ মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে নারায়ণগঞ্জে দলের ভারসাম্য রক্ষার বিষয়টি গুরুত্ব পেয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দলীয় মনোনয়নের ক্ষেত্রে সবকিছু দেখা হয়। নারায়ণগঞ্জের তৃণমূলের নেতারাও বলেছেন, যাকে মনোনয়ন দেওয়া হয়েছে, তাঁর হয়েই সবাই কাজ করবেন। আমরা আশা করব, ওসমান পরিবারসহ নারায়ণগঞ্জ আওয়ামী লীগের সবাই আইভীর পক্ষে কাজ করবেন। কারণ, তিনি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী।’
নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহমান গতকাল প্রথম আলোকে বলেন, ‘নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে যে কজন মেয়র প্রার্থী ছিলেন, এর মধ্যে আওয়ামী লীগ সেরা প্রার্থীকে বেছে নিল। গতবারের মতো ভুল করেনি।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নারায়ণগঞ্জের সবকিছুই তাঁদের দুই ভাইয়ের (শামীম ওসমান ও সেলিম ওসমান) দখলে। এ জন্য নারায়ণগঞ্জের জনগণ চায় এখানে ক্ষমতার একটা ভারসাম্য হোক।’
গত মঙ্গলবার নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ এক বর্ধিত সভা করে সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়নের জন্য আইভীকে বাদ দিয়ে তিনজনের নাম ঠিক করে। পরে তা কেন্দ্রীয় কমিটির কাছে পাঠানো হয়। যে তিনজনের নাম পাঠানো হয়েছিল, তাঁরা হলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান এবং বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি এম এ রশিদ। কিন্তু সব জল্পনার অবসান ঘটিয়ে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড আইভীকেই বেছে নেয়।
এদিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বর্তমান মেয়র সেলিনা হায়াৎ আইভী আওয়ামী লীগের নৌকা প্রতীক পাওয়ার পর উল্লাসে ফেটে পড়েছেন তাঁর কর্মী-সমর্থকেরা।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে গতকাল সেলিনা হায়াৎ আইভী সাংবাদিকদের বলেন, ‘আওয়ামী লীগে কোনো পক্ষ নেই। পক্ষ একটি বঙ্গবন্ধুর বাংলাদেশ, শেখ হাসিনার আওয়ামী লীগ। স্থানীয় পর্যায়ে আমাদের নেতৃত্বে প্রতিযোগিতা আছে। সে কারণে কমবেশি দ্বন্দ্ব-বিভেদ থাকতে পারে। আমি মনে করি, একসঙ্গে সবাই মিলে কাজ করব। যে যেই পক্ষেই থাকুক না কেন, একটি নির্বাচন শুরু হলে তার আগে অনেক কিছু হয়, অনেক কিছু ঘটে। কিন্তু যখন দল সিদ্ধান্ত দেয়, সেই সিদ্ধান্ত সবাই মেনে নেয়।’
অন্যদিকে রাজনীতিতে স্থানীয় সাংসদ শামীম ওসমানের অনুসারী বলে পরিচিত আনোয়ার হোসেন দলীয় মনোনয়ন না পাওয়ায় তাঁদের পক্ষের কর্মীরা কিছুটা মনঃক্ষুণ্ন হন। তবে কেউই এখনো প্রকাশ্যে কোনো কথা বলেননি। শামীম ওসমানের সঙ্গে গতকাল মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, ‘আমি মুঠোফোনে কোনো সাক্ষাৎকার দিই না।’