আউয়ালের সঙ্গে 'আপস'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় দুই দশক ধরে পিরোজপুর জেলা বিএনপির সম্মেলন হচ্ছে না। এ অবস্থায় কেন্দ্র থেকে দেওয়া কমিটি দিয়ে চলছে দলের কার্যক্রম। এ কারণে দলে অভ্যন্তরীণ কোন্দল সৃষ্টি হয়েছে। দলীয় কর্মসূচি না থাকায় নেতা-কর্মীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে।
অভিযোগ উঠেছে, বিভক্ত জেলা বিএনপির সব পক্ষই নিজেদের অস্তিত্ব রক্ষায় আওয়ামী লীগের সাংসদ এ কে এম এ আউয়ালের সঙ্গে আপস করে চলছেন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন, সরকারবিরোধী আন্দোলনে ব্যস্ত থাকায় সাংগঠনিক কার্যক্রম কিছুটা পিছিয়ে পড়েছে। তবে বর্তমানে জেলার সব ইউনিটের কমিটি গঠন প্রায় শেষ। কেন্দ্রের নির্দেশ পেলে সম্মেলনের উদ্যোগ নেওয়া হবে।
দলের কয়েকজন নেতা-কর্মী জানান, ১৯৯৫ সালে জেলা বিএনপির সবশেষ ত্রিবার্ষিক সম্মেলন হয়। সম্মেলনে গাজী নূরুজ্জামানকে সভাপতি ও ফখরুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়। গঠনতন্ত্রে তিন বছর পর সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠনের কথা থাকলেও তা হয়নি। ২০০১ সালে সাবেক হুইপ শহিদুল হক সভাপতি ও শহিদুল আলম ওরফে নিরুকে সাধারণ সম্পাদক করে কেন্দ্র থেকে কমিটি করে দেওয়া হয়। ২০০৩ সালে হাওয়া ভবনে বসে তারেক রহমান সভাপতি হিসেবে শহিদুল হক ও আলমগীর হোসেনকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করে দেন। ২০০৯ সালে গাজী নূরুজ্জামানকে আহ্বায়ক করে কমিটি গঠন করা হয়। আহ্বায়ক কমিটি গঠনের পর থেকে দুই ধারায় বিভক্ত হয়ে পড়েন নেতা-কর্মীরা। ওই সময় এক পক্ষের নেতৃত্ব দেন জেলা কমিটির আহ্বায়ক গাজী নূরুজ্জামান। আরেক পক্ষের নেতৃত্ব দেন যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন।
২০১২ সালে গাজী নূরুজ্জামানকে সভাপতি ও আলমগীর হোসেনকে সাধারণ সম্পাদক করে জেলা বিএনপির কমিটি গঠন করা হলেও কোন্দল কমেনি। বর্তমানে সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে বিরোধ মিটে গেলেও জেলা কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি নজরুল ইসলাম খান ও সহসভাপতি সাব্বির আহম্মেদের নেতৃত্বে নতুন একটি ধারা তৈরি হয়েছে।
জেলা বিএনপির সদস্য সরোয়ার হোসেন বলেন, জেলার আন্দোলন, সংগ্রাম গড়ে তোলার দায়িত্ব সভাপতি ও সাধারণ সম্পাদকের। তাঁরা জেলায় তেমন কোনো আন্দোলন, সংগ্রাম গড়ে তুলতে না পারায় নেতা-কর্মীরা হতাশ হয়ে পড়েছেন। জেলা বিএনপির সভাপতি ও সম্পাদক সরকারি দলের সঙ্গে আপস করে চলছেন।
দলীয় সূত্রে জানা গেছে, অভ্যন্তরীণ কোন্দল আর দুর্বল নেতৃত্বের কারণে দলের সাংগঠনিক কার্যক্রম বহু বছর ধরে স্থবির হয়ে আছে। পিরোজপুর-১ (সদর) আসনে ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির ভোটবিহীন নির্বাচন ছাড়া বিএনপি কখনোই জয়লাভ করেনি। ১৯৯৬ সালের ১২ জুন ও ২০০১ সালের ১ অক্টোবরের সংসদ নির্বাচনে জয় পান জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসাইন সাঈদী। এর পর থেকেই জামায়াত রাজনৈতিকভাবে সংগঠিত হতে থাকে। জামায়াতের কারণে বিএনপির সাংগঠনিক অবস্থানও দিন দিন দুর্বল হয়ে পড়ে।
জেলা বিএনপির সহসভাপতি সাব্বির আহম্মেদ বলেন, ‘বর্তমান জেলা কমিটির শীর্ষস্থানীয় নেতাদের সংগঠনবিরোধী কর্মকাণ্ডের বিষয়ে জেলা বিএনপির পাঁচজন সহসভাপতি মিলে চেয়ারপারসনের কাছে সম্প্রতি চিঠি দিয়েছি। চিঠিতে আমরা বলেছি, দলের কার্যক্রম সঠিকভাবে পরিচালিত না হওয়ায় দলের সাংগঠনিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।’
জেলা বিএনপির সভাপতি গাজী নূরুজ্জামান বলেন, ‘গত ৫ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের সময় আমরা কেন্দ্রঘোষিত সব কর্মসূচি সফলভাবে পালন করেছি। যাঁদের আন্দোলনে মাঠে পাওয়া যায়নি, তাঁরাই পদ পেতে কেন্দ্রে গিয়ে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। তবে ৫ জানুয়ারির পর সরকার পতনের কর্মসূচি না থাকায় নেতা-কর্মীরা কিছুটা হতাশ হয়ে পড়েছেন।’