আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি ক্ষমতায় আসা মানে লুটপাট। আর আওয়ামী লীগ ক্ষমতায় থাকা মানে উন্নয়ন। গতকাল শুক্রবার দুপুরে ভোলার চরফ্যাশন উপজেলায় ৩৩ কোটি টাকা ব্যয়ে ৩৭৮ মিটার দীর্ঘ ‘মায়ার দোন নদীর ওপর সেতু’ উদ্বোধন শেষে চরফ্যাশনের ব্রজগোপাল টাউন হলে এক সংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
তোফায়েল আহমেদ আরও বলেন, ‘ভারতের সঙ্গে আমাদের স্থলসীমানা নিয়ে যে সমস্যা ছিল, ভারতের লোকসভায় তা সর্বসম্মতিক্রমে পাস হয়েছে। বঙ্গবন্ধুর সঙ্গে ইন্দিরা গান্ধীর যে চুক্তি হয়েছিল তা বাস্তবায়ন হয়েছে।’ যে স্বপ্ন নিয়ে বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার অত্যন্ত সফলতার সঙ্গে সেই স্বপ্ন বাস্তবায়ন করে চলেছে। ৪১ বছর পর ভারতের সঙ্গে বাংলাদেশের সেই ঐতিহাসিক মুজিব-ইন্দিরা চুক্তি বাস্তবায়ন হয়েছে।