আওয়ামী লীগ পেশিশক্তিতে বিশ্বাস করে না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল
ফাইল ছবি

আওয়ামী লীগ পেশিশক্তিতে ভরসা করে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ‘আগামীতে ইলেকশন আসছে। আমরা কোনো পেশিশক্তিতে ভরসা করে রাজনীতি করি না। আমরা কোনো বন্দুকের নলে বিশ্বাস করি না। প্রধানমন্ত্রী বিশ্বাস করেন না।’

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আজ রোববার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। সভার আয়োজন করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী বিশ্বাস করেন এ দেশের জনগণের ওপর। প্রধানমন্ত্রী মনে করেন, জনগণের আস্থা ও বিশ্বাস তিনি অবশ্যই পাবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যত দিন থাকবেন, তত দিন দেশ এগিয়ে যাবে।’

সভায় প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান খান বলেন, ‘পৃথিবীর যেকোনো জায়গায় গেলে প্রথমে বলা হতো, তোমরা সেই জাতি যারা জাতির পিতাকে হত্যা করেছ। লজ্জায়-ক্ষোভে মাথা হেট হয়ে যেত। আমরা মুক্তিযোদ্ধারা মনে করতাম, আমরা কি বেঁচে আছি, না মরে গেছি। এ অবস্থা থেকে পরিত্রাণ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু হত্যার বিচার করে সাহসী ভূমিকা দেখিয়েছেন প্রধানমন্ত্রী। আমাদের অনেক নেতাও তাঁকে বিভ্রান্ত করতে চেয়েছে। কিন্তু তাঁর লক্ষ্য ছিল, বঙ্গবন্ধু হত্যার বিচার হতে হবে। হত্যার বিচার করে দেখিয়েছেন যথার্থই।’

বঙ্গবন্ধু হত্যার মাধ্যমে যে কালো দাগ সমগ্র জাতির ওপর লেগেছে, তা বঙ্গোপসাগরের পানি দিয়ে ধুলেও যাবে না মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তবু কিছুটা প্রশান্তি এসেছে বিচারের মাধ্যমে। বঙ্গবন্ধু হত্যায় যারা যুক্ত ছিল, কয়েকজনকে শাস্তি দিতে পেরেছি। বাকিদের মধ্যে যারা যেখানে জীবিত আছে, তাদের এনে বিচারের রায় কার্যকর করব।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী ফিরেছিলেন বলে আজকের বাংলাদেশ। প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা আকাশচুম্বী। বাংলাদেশের জাতীয় সব অর্জনে ছাত্রলীগের ভূমিকা রয়েছে। ২০৪১ সালে উন্নত বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার জন্য তৈরি হতে হবে বর্তমান শিক্ষার্থীদের।’

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসের নিরাপত্তা শুধু পুলিশ ফাঁড়ি নয়, প্রয়োজনে নতুন থানা প্রতিষ্ঠা করা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় পাশাপাশি অবস্থানে থাকবে এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আক্তার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইমদাদুল হক ও কোষাধ্যক্ষ কামালউদ্দীন আহমদ, আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক নজিবুল্লাহ হিরু, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুল হাসান, সাবেক সাধারণ সম্পাদক গাজী আবু সাইদ প্রমুখ।