আওয়ামী লীগ যুবসমাজকেও নষ্ট করছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষমতাসীন দল আওয়ামী লীগের লোকজন মাদক আমদানি করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেন, তারা (আওয়ামী লীগ) নিজেরা নষ্ট হয়ে গেছে। এখন যুবসমাজকেও নষ্ট করছে।
গতকাল সোমবার রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে ২০-দলীয় জোটের শরিক জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) ইফতার অনুষ্ঠানে খালেদা জিয়া এ অভিযোগ করেন। তিনি বলেন, ‘আজ আওয়ামী লীগের লোকজন মাদক আমদানি করে যুবসমাজকে ধ্বংস করে দিচ্ছে। যার জন্য আজ মহিলারাও কি ঘরে কি বাইরে, কোথাও নিরাপদ নয়। তারা লুটপাট করে এত টাকা বানিয়েছে যে কী করে খরচ করবে, কূল পাচ্ছে না। আগে কখনো দেখিনি, এভাবে বাসে-ট্রেনে মেয়েরা নির্যাতনের শিকার হয়, গণধর্ষণের শিকার হয়। এসব দেখে কষ্ট হয়, দুঃখ হয়।’
সরকারকে উদ্দেশ করে খালেদা জিয়া বলেন, ‘ক্ষমতায় টিকে থাকার জন্য তারা সরকারি কর্মকর্তাদের বেতন বাড়িয়েছে। অথচ দ্রব্যমূল্যে দিশেহারা সাধারণ মানুষের দিকে তাদের নজর নেই। তারা আছে লুটপাট নিয়ে। আর কী করে আমাদের, ২০-দলীয় জোটের নেতা-কর্মীদের জুলুম-নির্যাতন করবে, ক্ষমতাকে কীভাবে পাকাপোক্ত করবে, তা নিয়ে।’
বিএনপির চেয়ারপারসন কারাবন্দী দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন প্রসঙ্গে বলেন, ‘আদালত আমাদের মহাসচিবের জামিন দিয়েছিলেন। কিন্তু সরকার জামিন নিয়ে ষড়যন্ত্র ও হয়রানি করছে।’ আওয়ামী লীগের লোকজন খুন করেও জামিন পেয়ে যাচ্ছেন বলে তিনি দাবি করেন।
জাগপার সভাপতি শফিউল আলম প্রধান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। ইফতারে বিএনপির এম কে আনোয়ার, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল, এলডিপির অলি আহমদ, জাতীয় পার্টির কাজী জাফর আহমদ, ইসলামী ঐক্যজোটের আবদুল লতিফ নেজামী, খেলাফত মজলিসের মুহাম্মদ ইসহাক, জামায়াতের রেদওয়ান উল্লাহ শাহেদীসহ ২০ দলের নেতারা অংশ নেন।