আওয়ামী আইনজীবীদের এখন একটিই সংগঠন
আওয়ামী লীগপন্থী আইনজীবীদের দুটি সংগঠন এক হয়ে গেল। নতুন নাম দেওয়া হয়েছে ‘বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ’। আগামী সেপ্টেম্বর মাসের প্রথম ১৫ দিনের মধ্যে এই সংগঠনের সম্মেলন অনুষ্ঠিত হবে। এ সময় সংগঠনটি চলবে আহ্বায়ক কমিটি দিয়ে।
আজ রোববার নতুন সংগঠনের নাম ও আহ্বায়ক কমিটি ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ধানমন্ডিতে দলীয় সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগপন্থী আইনজীবীদের নিয়ে বৈঠক শেষে এ ঘোষণা দেন ওবায়দুল কাদের।
বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আহ্বায়ক করা হয়েছে ইউসুফ হোসেন হুমায়ুনকে। আর সদস্যসচিব শেখ ফজলে নূর তাপস। যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন প্রবীণ আইনজীবী আবদুল বাসেত মজুমদার ও সাহারা খাতুন।
এত দিন আওয়ামী আইনজীবী পরিষদ ও বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ নামে দুটি সংগঠন ছিল। আওয়ামী লীগের গঠনতন্ত্রে আওয়ামী আইনজীবী পরিষদকে সহযোগী সংগঠনের মর্যাদা দেওয়া হয়েছে। কিন্তু এক যুগের বেশি সময় ধরে এ সংগঠনের সম্মেলন হয় না। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাহারা খাতুন এর সভাপতি। আর বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সভাপতি হলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আবদুল বাসেত মজুমদার।
দলীয় সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগের প্যানেল পরাজিত হয়। আওয়ামী লীগপন্থী আইনজীবীদের দুটি সংগঠনের দ্বন্দ্বের কারণেই এমনটা হয়েছে বলে আওয়ামী লীগের নীতিনির্ধারকেরা মনে করেন। এ জন্য গত ১২ এপ্রিল দলটির কার্যনির্বাহী সংসদের সর্বশেষ বৈঠকে বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ ও আওয়ামী আইনজীবী পরিষদের কমিটি ভেঙে দেওয়া হয়।
আজ ওবায়দুল কাদের বলেন, নতুন এই সংগঠনের ঐক্য দরকার। আইনজীবী সংগঠন দুর্বল হলে আওয়ামী লীগও কিছুটা দুর্বল হয়।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের পরাজয় প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের ইঞ্জিন বন্ধ হয়ে গেছে। বগিগুলো ঠিক আছে। এ জন্য জেলা পর্যায়ে আমরা বিজয়ী হচ্ছি। কেন্দ্রে হেরে যাচ্ছি।’