জামায়াতে ইসলামী বলেছে, আওয়ামী লীগ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীনির্ভর একটি দলে পরিণত হয়েছে। এটাই আওয়ামী লীগকে পতনের দিকে নিয়ে যাবে। গতকাল সোমবার এক বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান এ কথা বলেন।
বিবৃতিতে বলা হয়, জনমনে শান্তি নেই, স্বস্তি নেই। ছাত্র-শিক্ষক, কৃষক-শ্রমিক, পেশাজীবী, বুদ্ধিজীবীসহ সব নাগরিকের মধ্যে অজানা আতঙ্ক বিরাজ করছে। রাষ্ট্রের প্রধান দায়িত্ব জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অপরাধ নিয়ন্ত্রণের পরিবর্তে রাজনীতি নিয়ন্ত্রণে ব্যস্ত। স্বয়ং প্রধানমন্ত্রী আক্রমণাত্মক ও উসকানিমূলক বক্তব্য দিয়ে এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতি সৃষ্টি করেছেন।
বিবৃতিতে বলা হয়, রাষ্ট্রের কোনো শাখা যথার্থভাবে কাজ করতে পারছে না। বিনা বিচারে হাজার হাজার রাজনৈতিক নেতা-কর্মীকে মাসের পর মাস কারাগারে আটক করে রাখা হয়েছে।
বিবৃতিতে হত্যা, সন্ত্রাস, নৈরাজ্য ও জুলুম-নিপীড়নের পথ পরিহার করে নির্দলীয় সরকারের অধীনে সব দলের অংশগ্রহণে নির্বাচন আয়োজন করে দেশে শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানানো হয়।