আওয়ামী লীগ, আওয়ামী ছাড়া কিছু বোঝে না: খালেদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, আওয়ামী লীগ তাদের নিজেদের দলের লোকজন ছাড়া কিছু বোঝে না। আওয়ামী লীগের আমলে কোনো মানুষ নিরাপদ থাকে না। হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান-মুসলমান সবার ওপর এখন অত্যাচার চলছে।

আজ শনিবার রাতে রাজধানীর গুলশান কার্যালয়ে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় খালেদা জিয়া এ মন্তব্য করেন।
বিএনপি সমর্থক হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
অনুষ্ঠানে খালেদা জিয়া বলেন, ১৫ আগস্টে শোক দিবসের নামে চাঁদাবাজি করে আওয়ামী লীগ তাদের নেতাকে ছোট করেছে। তিনি বলেন, দেশে এখন গণতন্ত্র মৃত। অবৈধ সরকার একের পর এক আইন করে চলেছে। এসব আইনও অবৈধ।
সম্প্রচার নীতিমালার সমালোচনা করে বিএনপি চেয়ারপারসন আশঙ্কা প্রকাশ করেন, ভবিষ্যতে বিএনপির কথাগুলো প্রচার করতে দেওয়া হবে না। বিচার বিভাগকে আষ্টেপৃষ্ঠে বাঁধার জন্য সরকার নতুন আইন করতে যাচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।
খালেদা জিয়ার অভিযোগ করে বলেন, ‘আওয়ামী লীগের আমলে কোনো ধরনের মানুষ নিরাপদ নয়। হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান-মুসলমান সবার ওপরে অত্যাচার চলছে। আওয়ামী লীগ, আওয়ামী ছাড়া কিছু বোঝে না।’ তিনি অন্যায় অত্যাচারের প্রতিবাদ করার জন্য সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। ঘরে বসে বক্তব্য দিয়ে দিবস পালনে সীমাবব্ধ থাকলে সবাই ক্ষতিগ্রস্ত হবে বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপি চেয়ারপারসন বলেন, ‘আমরা ধর্মনিরপেক্ষ তা বলি না। ধর্মীয় মূল্যেবোধের কথা বলি, সব ধরনের মানুষের সমান অধিকারের কথা বলি। যখন ক্ষমতায় ছিলাম তখন আমাদের, এমন কি জামায়াতে ইসলামীর নেতারাও পূজা মন্ডপে গিয়েছেন।’

অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম, গয়েশ্বর চন্দ্র রায়, কল্যাণ ফ্রন্টের সভাপতি গৌতম চক্রবর্তী প্রমূখ বক্তব্য দেন।