আওয়ামী লীগ ও বিএনপিকে কমিশনের 'না'

ক্ষমতাসীন আওয়ামী লীগ ও সংসদের বাইরে থাকা বিরোধী দল বিএনপির দাবি নাকচ করে দিয়েছে নির্বাচন কমিশন। জানিয়ে দিয়েছে, পৌরসভা নির্বাচন পেছানো হবে না এবং সাংসদেরা প্রচারে নামার সুযোগও পাবেন না।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের সভাপতিত্বে গতকাল সোমবার কমিশনের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। গতকাল সিইসি সাংবাদিকদের বলেন, দলগুলোর দাবি গুরুত্বসহকারে পর্যালোচনা করা হয়েছে। কমিশন মনে করে তফসিল হয়ে গেছে। যে কারণে এখন বিধি পরিবর্তন করা সম্ভব নয়। তাই সাংসদেরা নির্বাচনী প্রচারে নামতে পারবেন না। তবে অন্য স্থানীয় প্রতিষ্ঠানের নির্বাচনে তাঁদের দাবি বিবেচনা করে দেখা হবে।
বিএনপির নির্বাচন পেছানোর দাবি প্রসঙ্গে সিইসি বলেন, ‘দাবি অনুযায়ী, আমরা এক দিনের জন্য হলেও নির্বাচন পেছানোর চেষ্টা করেছি। কিন্তু সময় এতই কম যে সেটাও সম্ভব হয়নি। ৩০ ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে না পারলে আইনের খেলাপ হয়ে যাবে।’
জামায়াতে ইসলামী যাতে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবি করেছে ওয়ার্কার্স পার্টি। এ বিষয়ে সিইসি বলেন, আইন পরিষ্কার। তারা দলীয় প্রতীকে নির্বাচন করতে পারবে না।
গত রোববার ক্ষমতাসীন আওয়ামী লীগ পৌরসভা নির্বাচনের আচরণবিধি সংশোধন করে সাংসদদের নির্বাচনের প্রচারে অংশগ্রহণের সুযোগ দেওয়ার দাবি জানায়। বিএনপির দাবি ছিল, হালনাগাদে ৫০ লাখ নতুন ভোটার অন্তর্ভুক্ত করতে হবে। এসব ভোটারের তালিকায় নাম ওঠানোর সুযোগ দিতে তারা নির্বাচনের তফসিল ১৫ দিন পেছানোর দাবি জানায়।
দেশের প্রধান দুই দলের এই দাবি বিবেচনায় নিয়ে গতকাল সকালে বৈঠকে বসে নির্বাচন কমিশন। কমিশন সচিবালয়ের একাধিক শীর্ষস্থানীয় কর্মকর্তা জানান, বিএনপির দাবি অনুযায়ী নির্বাচন ১৫ দিন পেছানো হলেও নতুন ভোটাররা ভোট দেওয়ার সুযোগ পাবেন না। কারণ, হালনাগাদ করা ভোটার তালিকা চূড়ান্ত হবে ৩১ জানুয়ারি। আর ২৩৬টি পৌরসভায় নতুন ভোটার অন্তর্ভুক্ত হবে ৩ লাখের কিছু বেশি, ৫০ লাখ নয়। এই পরিমাণ ভোটারের জন্য অপেক্ষা করলে সব পৌরসভার মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে। তা ছাড়া ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত এসএসসি ও এইচএসসি পরীক্ষা চলবে বলে ওই সময়েও নির্বাচন করা সম্ভব নয়। জুনে ইউনিয়ন পরিষদের নির্বাচন করতে হবে।
পৌরসভা নির্বাচনের আচরণবিধিতে বলা আছে, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী, সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, সংসদ উপনেতা, চিফ হুইপ, হুইপ, বিরোধীদলীয় নেতা, বিরোধীদলীয় উপনেতা বা তাঁদের সমমর্যাদার সরকারি সুবিধাভোগী ব্যক্তি, সংসদ সদস্য ও সিটি করপোরেশনের মেয়র নির্বাচনী প্রচারে অংশ নিতে পারবেন না। গত উপজেলা নির্বাচনে নেতিবাচক ভূমিকার কারণে কমিশন সাংসদদের জন্য নির্বাচনী প্রচারে নামার সুযোগ রাখেনি। আওয়ামী লীগ এই তালিকা থেকে সাংসদদের নাম বাদ দেওয়ার দাবি করেছিল। কিন্তু কমিশন তাদের সিদ্ধান্ত বহাল রেখেছে।
বৈঠক শেষে নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ প্রথম আলোকে বলেন, ডিসেম্বরের পরে নির্বাচন করা সম্ভব নয়। সে জন্য কমিশন সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন না পেছানোর। আর কমিশন মনে করে, তফসিল ঘোষণার পর সাংসদদের নির্বাচনের প্রচারে নামার সুযোগ দেওয়া হলে কমিশনের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে। এতে মাঠপর্যায়ে বিশৃঙ্খলার সৃষ্টি হবে। নির্বাচন সুষ্ঠু করা কঠিন হয়ে যাবে। সে জন্য আওয়ামী লীগের দাবিও নাকচ হয়েছে।