
বর্তমান সাংসদের বিরুদ্ধে বিস্তর অভিযোগ। এই অবস্থায় দলীয় নেতা-কর্মীদের সঙ্গে তাঁর দূরত্ব সৃষ্টি হয়েছে। এই সুযোগে আওয়ামী লীগের অন্তত সাত নেতা মনোনয়নের জন্য মাঠে নেমেছেন। বিএনপিও সুবিধায় নেই। দলটির দাপুটে অনেক নেতা ‘সংস্কারপন্থী’ হন বা দল বদল করেন। পরবর্তী সময়ে দলে ফিরলেও তাঁদের নিয়ে রয়েছে নানা গুঞ্জন। ফলে নতুন অনেক মুখই মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন।
১৯৯১ সাল থেকে বিএনপির প্রার্থী আবদুল মান্নান তালুকদার টানা তিনবার বিজয়ী হন। ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মুক্তিযোদ্ধা ইসহাক হোসেন তালুকদার নির্বাচিত হন।২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে ইসহাক বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংসদ হন। ওই বছরেই তাঁর মৃত্যুর পর উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংসদ নির্বাচিত হন তাড়াশ উপজেলার বাসিন্দা গাজী ম ম আমজাদ হোসেন।
আওয়ামী লীগে কোন্দল
রায়গঞ্জ-তাড়াশে আওয়ামী লীগের রাজনীতি দুই ভাগে বিভক্ত। একদিকে আছেন বর্তমান সাংসদ ম ম আমজাদ হোসেন। তিনি জেলা ও তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সদস্য। অপর অংশের নেতৃত্বে আছেন তাড়াশ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল হক। তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি। উভয় পক্ষই আলাদাভাবে রাজনৈতিক কর্মকাণ্ডও পরিচালনা করে। দীর্ঘদিন ধরে চলে আসা এ দ্বন্দ্বের জের সম্প্রতি আবদুল হকের ওপর হামলার ঘটনার মধ্য দিয়ে প্রকাশ্যে আসে। ওই হামলার ঘটনায় আবদুল হক হত্যাচেষ্টার অভিযোগে সাংসদসহ ১২ জনের বিরুদ্ধে মামলা করেন। দুই পক্ষের এই দ্বন্দ্ব এখন পর্যন্ত সমাধান করতে পারেননি জেলা আওয়ামী লীগের নেতারা।
আওয়ামী লীগে প্রার্থীর ছড়াছড়ি
ম ম আমজাদ আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মাঠে নেমেছেন। বিভিন্ন কর্মসূচিতে নিজের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে কথা বলছেন। আগামী দিনে কী কী কর্মকাণ্ড চালাবেন, তা নিয়ে মতবিনিময় সভা করছেন।
ম ম আমজাদ হোসেন বলেন, ‘দলের মধ্যে চলমান কিছু বিষয় নিয়ে সমস্যা আছে সত্য। কিন্তু আমি চেষ্টা করেছি সব বিভেদ দূর করে একসঙ্গে পথ চলতে। দলের নেতা-কর্মীদের মাঝে প্রতিযোগিতা থাকবে; তবে প্রতিহিংসা নয়।’
সাংসদের অনিয়ম-দুর্নীতি আর স্বজনপ্রীতির অভিযোগই বিরোধীদের পুঁজি। ম ম আমজাদের বিপরীতে মনোনয়নপ্রত্যাশী হিসেবে সবচেয়ে বেশি সম্ভাবনাময়ী হিসেবে মাঠে আছেন তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল হক।
আবদুল হক বলেন, ‘তৃণমূলের নেতা-কর্মী ও সাধারণ জনগণ আমার সঙ্গে রয়েছেন। আমি দলে স্বাভাবিক রাজনৈতিক পরিবেশ ফেরাতে চাই।’
এই দুজনের বাইরেও মাঠে আছেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি আবদুল আজিজ, রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সিরাজগঞ্জ জেলা বাস মিনিবাস ও কোচ মালিক সমিতির সভাপতি আবদুল হাদী আলমাজী ওরফে জিন্নাহ আলমাজী, প্রয়াত সাংসদ ইসহাক হোসেন তালুকদারের ছেলে ইমরুল হোসেন তালুকদার, কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন এবং সলঙ্গা থানা আওয়ামী লীগের নেতা টি এম লুৎফর রহমান।
আবদুল হাদী আলমাজী বলেন, রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সব পর্যায়ের কমিটি তাঁর মেয়াদেই গঠিত হয়েছে। এ কারণে সাংগঠনিকভাবে এই অঞ্চলে তাঁর রয়েছে শক্ত ভিত। ইমরুল হোসেন তালুকদার বলেন, ‘আমি আমার বাবার অসমাপ্ত কাজ সম্পন্ন করতে চাই।’
বিএনপির একাধিক নেতা মাঠে
বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় বিএনপির সাবেক সাংসদ আবদুল মান্নান তালুকদারসহ জ্যেষ্ঠ নেতাদের অনেকেই ‘সংস্কারপন্থীর’ তকমা পান। তিনি বর্তমানে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা।
আবদুল মান্নান বলেন, তিনি আগামী নির্বাচন ঘিরে এই অঞ্চলে দলকে শক্তিশালী করতে কাজ করে যাচ্ছেন। আগামী নির্বাচনে তিনি এ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে এবারও মনোনয়নপ্রত্যাশী।
এখানে বিএনপির আরেক বড় নেতা সেলিম জাহাঙ্গীর দলবদল করে লিবারেল ডেমোক্রেটিক পার্টিতে (এলডিপি) ভিড়েছিলেন। পরে তিনি বিএনপিতে ফিরে আসেন। বর্তমানে সেলিম তাড়াশ উপজেলা বিএনপির সভাপতি। আগামী সংসদ নির্বাচন সামনে রেখে তিনি মনোনয়ন পাওয়ার তৎপরতায় আছেন।
সেলিম জাহাঙ্গীর বলেন, ‘দলের নেতা-কর্মীরাও আমার পাশে আছেন। সংস্কারপন্থী হওয়ার কোনো ঘটনা নেই। কতিপয় মনোনয়নপ্রত্যাশী মিথ্যা প্রচারণা চালাচ্ছেন।’
এ ছাড়া মনোনয়ন পাওয়ার আশায় আছেন কেন্দ্রীয় বিএনপির সহ-গ্রাম সরকার সম্পাদক সাইফুল ইসলাম, রায়গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবদলের সভাপতি আয়নুল হক।
রায়গঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি খাইরুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘দলে বিভেদ না থাকলেও রয়েছে ব্যক্তি-পছন্দ। আগামী নির্বাচনে দল যাঁকেই মনোনয়ন দেবে, আমরা তাঁকে নিয়েই ধানের শীষের বিজয় নিশ্চিত করে বেগম জিয়াকে এ আসন উপহার দেব।’