নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া বাজারে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়েছে।
গতকাল মঙ্গলবার রাত আটটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত চলা এ সংঘর্ষে দুই পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় কয়েকটি দোকানে হামলা ও ভাঙচুর করা হয়। পরে পুলিশ ও র্যাব ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে ধাওয়া দিয়ে ও কয়েকটি ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
ছাতারপাইয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের জের ধরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। গত ২৮ মে এই ইউনিয়নে নির্বাচন হয়। নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির প্রার্থী জয়ী হন।
আহত ব্যক্তিদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন ছাতারপাইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগদলীয় প্রার্থী নুরুল হক মজুমদার (৬০), ইউনিয়ন আওয়ামী লীগের নেতা তোফাজ্জল হক (৪৫) ও বাজারের ব্যবসায়ী ছিদ্দিক উল্ল্যাহ (৫০)।
বাজারের ব্যবসায়ী ও পুলিশ সূত্র জানায়, গতকাল রাত আটটার দিকে ইউনিয়ন আওয়ামী লীগের নেতা তোফাজ্জল হোসেন ছাতারপাইয়া বাজারের একটি চা-দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময় নির্বাচনে বিজয়ী বিএনপির চেয়ারম্যান প্রার্থী আবদুর রহমানের সমর্থকেরা তোফাজ্জলের ওপর অতর্কিতে হামলা চালান। এ নিয়ে বাজারে অবস্থান করা দুই দলের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
একপর্যায়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষে শুরু হয়। রাত প্রায় সাড়ে নয়টা পর্যন্ত দফায় দফায় দুই দলের মধ্যে সংঘর্ষ চলতে থাকে।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল হক মজুমদার প্রথম আলোর কাছে দাবি করেন, তোফাজ্জল হোসেন ইউপি নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ছিলেন। পরে নৌকার পক্ষে কাজ করেন তিনি। এ জন্য তাঁর ওপর ক্ষিপ্ত ছিল বিএনপি থেকে নির্বাচিত চেয়ারম্যান আবদুর রহমান। সে কারণে তোফাজ্জলের ওপর হামলা চালান তিনি। এ ঘটনার জের ধরে পরে সংঘর্ষ বাধে।
তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন চেয়ারম্যান আবদুর রহমান। প্রথম আলোর কাছে তিনি দাবি করেন, তোফাজ্জল হোসেন বাজারে তাঁর এলাকার এক ব্যবসায়ীর কাছে ঈদ উপলক্ষে ১০০ করে শাড়ি দাবি করেন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষে মারামারি লেগে যায়।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ চৌধুরী গত রাত সোয়া ১০টায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে পূর্ববিরোধের জের ধরে বিএনপি ও আওয়ামী লীগের কর্মীরা সংঘর্ষে লিপ্ত হন। পরে পুলিশ ও র্যাব গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।