আওয়ামী লীগ কাল দুর্গত এলাকায় যাবে
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগের চারটি সহায়তাকারী দল কাল বৃহস্পতিবার ঘূর্ণিঝড় মোরা দুর্গত এলাকায় যাবে। সেখানে তারা ক্ষতিগ্রস্ত মানুষদের চিহ্নিত করে সহায়তা দেবে।
রাজধানীর ধানমন্ডিতে আজ বুধবার বিকেলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়-সংলগ্ন প্রিয়াংকা কমিউনিটি সেন্টারে দলের সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে আয়োজিত এক সভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন। তিনি বলেন, আওয়ামী লীগের সভাপতি বিরোধী দলে থাকায় অবস্থায়ও দুর্গতদের পাশে দাঁড়িয়ে ছিলেন। সরকারপ্রধান হিসেবে তিনি দেশের বাইরে থেকেও সব সময় খোঁজখবর নিয়েছেন।
আওয়ামী লীগ নেতাদের সমন্বয়ে গঠিত একটি দল কাল কক্সবাজার, টেকনাফ ও সেন্ট মার্টিনে, একটি দল কুতুবদিয়া ও মহেশখালীতে, একটি দল আনোয়ারা, পতেঙ্গা, বাঁশখালীতে এবং বান্দরবান ও রাঙামাটিতে একটি দল সহায়তা কার্যক্রমের জন্য যাবে। এই দলের সঙ্গে সাধারণ সম্পাদক নিজেও থাকবেন বলে সভায় জানানো হয়।
সভায় সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, নির্বাচনের আর বেশি দিন বাকি নেই। তাই নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার সময় হয়েছে। দলের কিছু কিছু জায়গায় সমস্যা আছে। অনেকের মধ্যে মনোমালিন্য আছে। সেসব নিয়ে আলোচনা করতে আজ দলের সহযোগী সংগঠনের নেতাদের নিয়ে আলোচনা হয়েছে। সামনে আরও হবে। তিনি বলেন, ‘আমি যথেষ্ট (এফিসিয়েন্ট) না হলে প্রয়োজনে নেত্রী এসব দেখবেন।’
সভায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ প্রমুখ উপস্থিত ছিলেন।