আওয়ামী লীগ টোটালি ইজ এ দল অব কুলাঙ্গার: তারেক
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান দাবি করেছেন, যাঁরা ১৫ আগস্ট শেখ মুজিবকে হত্যার ক্ষেত্র তৈরি করেছিলেন, মুজিবের চামড়া দিয়ে ডুগডুগি বানাতে চেয়েছিলেন, তাঁকে স্বৈরাচার বলেছিলেন এবং যাঁরা মোশতাক মন্ত্রিসভার শপথে গিয়েছিলেন, শপথ পরিচালনা করেছিলেন, সেসব লোকেরাই এখন শেখ হাসিনার ‘অবৈধ সরকারের’ নেতা-মন্ত্রী।
গত রোববার লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটিতে সম্মিলিত পেশাজীবী পরিষদ ইউকে আয়োজিত ‘স্ট্র্যাটেজি ফর এ প্রসপারাস বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে তারেক রহমান এসব কথা বলেন। তারেকের এই বক্তব্যের ধারণ করা ভিডিও ইউটিউবেও দেওয়া হয়েছে। সেখান থেকে তাঁর বক্তব্য নেওয়া হয়েছে।
তারেক রহমান বলেন, ‘শেখ হাসিনা খোন্দকার মোশতাককে কুলাঙ্গার বলেছেন। অথচ ওই মোশতাকের শপথ অনুষ্ঠান পরিচালনা করেছেন এইচ টি ইমাম। সেখানে কর্নেল তাহের, রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনু ছিলেন। এঁদের নিয়েই শেখ হাসিনা চলছেন। এতে প্রমাণ হয় শেখ হাসিনা কুলাঙ্গারদের নেত্রী। আওয়ামী লীগ টোটালি ইজ এ দল অব কুলাঙ্গার।’ তিনি বলেন, মোশতাকের শপথ অনুষ্ঠানে কারা ছিলেন, জিজ্ঞাসাবাদের বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমামকে জিজ্ঞাসা করলে সব বেরিয়ে আসবে। এ ছাড়া পঁচাত্তরে জাসদ ও হাসানুল হক ইনুর বাহিনীর ভূমিকা তদন্ত হওয়া উচিত।
তারেক বলেন, আওয়ামী লীগের নেতারা শেখ মুজিবের হত্যার জন্য জিয়া পরিবার ও বিএনপিকে দায়ী করেন। তাঁরা মূলত তাঁদের ব্যর্থতা ও অন্যায় ঢাকার জন্য এই অপপ্রচার করেন। কারণ, ওই সময় বিএনপির জন্মই হয়নি আর জিয়াউর রহমানের এ ঘটনায় জড়িত হওয়ার কোনো কারণ নেই। তিনি দাবি করেন, ‘শেখ মুজিবুর রহমান সংসদে একজন ডেপুটি স্পিকারকে হত্যা করেছিলেন। বাবার মতো মেয়েও সরকারে থাকার সময় এবং বিরোধী দলে থাকার সময় মানুষ হত্যা করেছেন। তাই শেখ মুজিবের পরিবার একটি খুনি পরিবার।’ তিনি বিডিআর বিদ্রোহের নামে পিলখানায় ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে হত্যায় শেখ হাসিনা জড়িত বলেও মন্তব্য করেন।
২০০৪ সালের ২১ আগস্ট শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলা মামলার ৫২ জন আসামির মধ্যে তারেক রহমানও আছেন। তাঁকে পলাতক দেখিয়ে মামলাটির বিচারকাজ চলছে।
ঘটনার ১০ বছর পর এসে তারেক রহমান দাবি করলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলার জন্য শেখ হাসিনা সরাসরি দায়ী। ওই হামলার পরিকল্পনার সঙ্গে না থাকলেও এমন একটি ঘটনা যে ঘটবে তা শেখ হাসিনা জানতেন। এ জন্য মুক্তাঙ্গন থেকে তিনি জনসভা বঙ্গবন্ধু অ্যাভিনিউতে নিজ দলীয় কার্যালয়ের সামনে নিয়ে গেলেন জনসভা শুরুর এক বা দেড় ঘণ্টা আগে। তিনি আইভি রহমানকে বারবার ট্রাকে উঠতে বলেছিলেন। তারেক রহমান আরও বলেন, গ্রেনেড হামলার ঘটনায় তদন্তকারী কর্মকর্তাদের উচিত শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদ করা।
সেমিনারের দ্বিতীয় পর্বে তারেক রহমান বাংলাদেশের উন্নয়ন প্রসঙ্গ নিয়ে বক্তব্য উপস্থাপন করেন। সেমিনারে সভাপতিত্ব করেন যুক্তরাজ্যের কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক কে এম এ মালিক।