আওয়ামী লীগ প্রার্থীর আয় কমলেও বেড়েছে সম্পদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনজন। এর মধ্যে আওয়ামী লীগের প্রার্থী মো. রমজান আলী বর্তমান মেয়র। আর বিএনপির প্রার্থী নাসির উদ্দিন আহম্মেদ গত নির্বাচনে রমজান আলীর প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন। গতবারের তুলনায় রমজান আলীর আয় কমলেও সম্পদ বেড়েছে অনেক। আর নাসির উদ্দিনের আয় ও সম্পদ—উভয়ই কমেছে অল্প কিছু।
রমজান আলী ও নাসির উদ্দিনের ২০০৮ সালের এবং এবারের হলফনামা বিশ্লেষণ করে এ চিত্র পাওয়া গেছে। রমজান আলী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য এবং নাসির উদ্দিন জেলা যুবদলের সাবেক সহসভাপতি। অপর প্রার্থী গাজী কামরুল হুদা নির্বাচন করছেন ‘স্বতন্ত্র’ প্রার্থী হিসেবে। জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এই নেতা এর আগে ১৯৮৪ সালে নির্বাচন করেছিলেন।
শিক্ষাগত যোগ্যতা ও পেশা: হলফনামা অনুযায়ী, রমজান আলী ও নাসির উদ্দিন দুজনই এইচএসসি পাস। কামরুল হুদা বিএ পাস। গতবারের হলফনামায় রমজান আলী নিজের পেশা উল্লেখ করেন ঠিকাদারি ও ব্যবসায়ী। কিন্তু এবার পেশা পরিবর্তন করে দেখিয়েছেন কৃষি ব্যবসা। নাসির উদ্দিন গতবার ঠিকাদারি ও ব্যবসা লিখলেও এবার যোগ হয়েছে সরবরাহকারী এবং ক্লিনিক ব্যবসা। গাজী কামরুল হুদার পেশা ঠিকাদারি ও সরবরাহকারী।
বার্ষিক আয়: হলফনামায় কৃষি ও ব্যবসা খাতে রমজান আলী বার্ষিক আয় দেখিয়েছেন ২ লাখ ৯৫ হাজার ৭০০ টাকা। এই দুই খাতে গতবার তাঁর আয় ছিল চার লাখ টাকা। অর্থাৎ তাঁর আয় কমেছে ১ লাখ ৪ হাজার ৩০০ টাকা।
কৃষি ও ব্যবসা খাতে নাসির উদ্দিনের গতবারের আয় ছিল ৩ লাখ ৮৭ হাজার ৬৯৭ টাকা। কিন্তু এবার তিনি এই দুই খাত মিলিয়ে নিজের বার্ষিক আয় উল্লেখ করেছেন ১ লাখ ২৮ হাজার টাকা। সেই হিসেবে বছরে তাঁর আয় কমেছে ২ লাখ ৫৯ হাজার ৬৯৭ টাকা।
তবে দুজনের মোট আয় কমলেও কৃষি খাতে আয় বেড়েছে।
অপর প্রার্থী কামরুল হুদা বার্ষিক আয় দেখিয়েছেন কৃষি খাতে ২৭ হাজার ৫০০ টাকা এবং ব্যবসা খাতে ২ লাখ ৪৮ হাজার ৭০০ টাকা।
সম্পদ: আগের হলফনামায় রমজান আলী নিজের নামে নগদ অর্থ দেখান ৫ হাজার ৫০৫ টাকা। এবার নিজের নামে ৪ লাখ ৯০ হাজার টাকা এবং স্ত্রীর নামে ৩ লাখ ২৫ হাজার টাকা দেখিয়েছেন। সেই হিসাবমতে, তাঁর নিজের নগদ ৪ লাখ ৮৪ হাজার ৪৯৫ টাকা বেড়েছে এবং স্ত্রীর নামে রয়েছে ৩ লাখ ২৫ হাজার টাকা।
২০০৮ সালে রমজান আলী নিজের নামে কৃষি ও অকৃষি মিলিয়ে মোট ২৬৯ দশমিক ৫ শতাংশ জমি এবং একটি বাড়ি বা অ্যাপার্টমেন্ট উল্লেখ করেন। এবার জমি বেড়ে হয়েছে ৬৩৯ দশমিক ৩ শতাংশ।
বিএনপির প্রার্থী নাসির উদ্দিন নিজের নামে নগদ অর্থ দেখিয়েছেন ১ লাখ টাকা। গতবার ছিল ২ লাখ ৫০ হাজার টাকা। হিসাবমতে, নগদ ১ লাখ ৫০ হাজার টাকা কমেছে। গতবার হলফনামায় ব্যাংকে ২ হাজার টাকা এবং এবার ৩২ হাজার টাকা দেখিয়েছেন। সেই হিসাবে ব্যাংকে তাঁর ৩০ হাজার টাকা বেড়েছে। এ ছাড়া বন্ড ও ঋণপত্র খাতে এবার হলফনামায় ৩ লাখ টাকা উল্লেখ করেছেন, গতবারে যা উল্লেখ ছিল না। এই হিসাবে, নাসির উদ্দিনের মোট অস্থাবর সম্পদ বেড়েছে ১ লাখ ৮০ হাজার টাকা। গতবার তিনি শুধু স্ত্রীর নামে ১২ ভরি স্বর্ণ দেখালেও এবার হলফনামায় স্ত্রীর ছাড়াও নিজের নামে ৩ ভরি স্বর্ণ দেখিয়েছেন।
গতবারের হলফনামায় নাসির উদ্দিন নিজের নামে কৃষি ও অকৃষিজমির পরিমাণ উল্লেখ করেছিলেন ৪৮ দশমিক ২৫ শতক। এবার জমি কিছুটা কমে হয়েছে ৪১ দশমিক ২৫ শতাংশ।