আওয়ামী লীগ প্রার্থীর সংশয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরে জেলা পরিষদ নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নিয়ে সংশয় প্রকাশ করেছেন আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চন্দন কুমার পাল।
গতকাল শুক্রবার শহরের চকবাজার এলাকার দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে চন্দন পাল বলেন, হুমায়ুন কবীরের পক্ষে কালোটাকা ছড়ানোসহ বিভিন্ন এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তি (যাঁরা এ নির্বাচনের ভোটার) ভোটারদের জিম্মি করার ষড়যন্ত্র করছেন। এ কারণে জেলার ১৫টি ভোট কেন্দ্রের মধ্যে সাতটি কেন্দ্র অতি ঝুঁকিপূর্ণ। এসব কেন্দ্রে ওই সব প্রভাবশালী ব্যক্তিসহ একটি সংঘবদ্ধ চক্র ভোট কেন্দ্র দখলসহ ভোটারদের নানাভাবে প্রভাবিত করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। নির্বাচনী কার্যক্রম থেকে দূরে থাকা জাতীয় সংসদের হুইপ মো. আতিউর রহমানের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের মিথ্যা, ভিত্তিহীন ও সাজানো অভিযোগ তুলে পরিস্থিতি ঘোলা করার মাধ্যমে সুবিধা আদায়ের চেষ্টা করছেন হুমায়ুন।
চন্দন পাল অভিযোগ করেন, হুমায়ুন কবীরসহ অন্যদের কাছে থাকা বৈধ অস্ত্র জমা রাখা এবং বিশেষ বিশেষ এলাকায় অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি জানানোর পরও নির্বাচন কমিশন বা প্রশাসন ব্যবস্থা নেয়নি।
এসব অভিযোগ অস্বীকার করে হুমায়ুন কবীর বলেন, তিনি বা তাঁর কোনো সহযোগী কখনোই কাউকে অস্ত্র প্রদর্শন করেননি বা ভয়ভীতি দেখাননি। তিনি নিজে বা তাঁর পক্ষে কেউ ভোটারদের টাকা দেননি।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এ এম পারভেজ রহিম বলেন, নির্বাচনকালীন বৈধ অস্ত্র জমা নেওয়া বা অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়ে নির্বাচন কমিশন থেকে কোনো নির্দেশনা আসেনি। নির্দেশনা পেলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে।