আওয়ামী লীগ যেকোনো দুর্যোগে মানুষের পাশে থাকে : প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যেকোনো দুর্যোগে আওয়ামী লীগ সব সময় জনগণের পাশে থাকে।

শেখ হাসিনা বলেন, ‘সরকার বা বিরোধী দল, যেখানেই আওয়ামী লীগ থাকুক না কেন, আমাদের দলের নেতা–কর্মীরা সর্বদা সারা দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন, তাদের জন্য কাজ করছেন। ঘূর্ণিঝড়, বন্যা বা অন্য যেকোনো দুর্যোগে আমরা সব সময় মানুষের পাশে থাকি এবং মানুষকে আমাদের সহায়তা অব্যাহত রাখব।’

সিলেট সার্কিট হাউসে আজ মঙ্গলবার সিলেট বিভাগের সাম্প্রতিক বন্যা পরিস্থিতি পর্যালোচনা ও ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন বিষয়ে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, যেকোনো দুর্যোগে আওয়ামী লীগ অন্যদের তুলনায় ক্ষতিগ্রস্ত মানুষের কাছে দ্রুত পৌঁছে যায়। সর্বোপরি আওয়ামী লীগ জনগণের জন্য কাজ করে যাবে।


আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা স্থানীয় প্রশাসন, সেনাবাহিনী এবং আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। কারণ, তাঁরা ক্ষতিগ্রস্ত মানুষকে উদ্ধারে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে এবং ত্রাণ বিতরণে সহায়তা করছেন।

প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগের নেতা–কর্মীরা প্রত্যন্ত অঞ্চলে চলে যান, যেখানে অনেকেই পৌঁছাতে পারেননি এবং ওই এলাকার ছবি তাঁকে পাঠিয়েছেন, যা উদ্ধারপ্রক্রিয়া সহজ করেছে।

শেখ হাসিনা বলেন, ‘সেই ছবি আমি সেনাপ্রধান, আমাদের অফিস, বিভাগীয় কার্যালয়ে পাঠিয়েছি। তারা মানুষকে উদ্ধার করতে পেরেছে।’

সিলেটের বিভাগীয় কমিশনার ও সিলেট সেনানিবাসের জেনারেল অফিসার কমান্ডিং বন্যা ও এর ক্ষয়ক্ষতি নিয়ে সংক্ষিপ্ত উপস্থাপনা তুলে ধরেন।

সিলেট বিভাগীয় প্রশাসন জানিয়েছে, ৪টি জেলার ৩৩টি উপজেলা ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে ৪৫ লাখের বেশি মানুষ বন্যার পানিতে ডুবে আছে এবং ৪ দশমিক ১৪ লাখের বেশি মানুষ ১ হাজার ২৮৫টি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে।

এ ছাড়া বন্যাদুর্গতদের চিকিৎসার জন্য ৩০০টির বেশি মেডিকেল টিম কাজ করছে এবং ২৪ হাজার প্যাকেট শুকনো খাবার, ২ কোটি ৪৫ লাখ টাকা এবং ১ হাজার ৩০৭ মেট্রিক টন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে ।

অন্যদিকে, বন্যায় ৭৪ হাজার হেক্টর জমি পানির নিচে তলিয়ে গেছে এবং ৪০ হাজার পুকুর ও হ্যাচারি বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে, যাতে আনুমানিক ১৪২ কোটি টাকার ক্ষতি হয়েছে।