আওয়ামী লীগ সরকার মিথ্যার আশ্রয়ে টিকে আছে: রেজা কিবরিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সমাবেশ শেষে নেতা-কর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন
ছবি: প্রথম আলো

গণ অধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়া বলেছেন, আওয়ামী লীগ সরকার মিথ্যার আশ্রয়ে টিকে আছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য তারা এখন দোষ দিচ্ছে বিরোধী দলের নেতাদের ওপর। ডেঙ্গু ও কোভিডের জন্যও তারা বিরোধী দলকেই দোষ দিয়েছিল, এতে আশ্চর্য হওয়ার কিছু নেই।
আজ শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে বাংলাদেশ যুব অধিকার পরিষদের এক সমাবেশে রেজা কিবরিয়া এসব কথা বলেন।

রেজা কিবরিয়া বলেন, এখন দুই দিকে সমস্যা। একটা হলো এই সিন্ডিকেটের পৃষ্ঠপোষকতা করে এই সরকার। আর দ্বিতীয়টি হলো তাদের দক্ষতারও সমস্যা আছে। তারা মুদ্রাস্ফীতি নিয়েও মিথ্যাচার করছে জনগণের সঙ্গে। এই অবৈধ, অসৎ, দুর্নীতিবাজ সরকার ক্ষমতা থেকে না গেলে দেশে শান্তি ফিরবে না।

সমাবেশে বক্তব্য দেন গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাশেদ, ফারুক হাসান, আবু হানিফ, যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ, সাধারণ সম্পাদক নাদিম হাসান প্রমুখ।
সমাবেশ শেষে নেতা-কর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি প্রেসক্লাব থেকে শুরু করে পল্টন মোড় ও কাকরাইল হয়ে বিজয়নগর পানির ট্যাংকির মোড়ে এসে শেষ হয়।