আওয়ামী লীগ সাহায্যের চেয়ে চুরি করে বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনগণের সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই। সম্পর্ক নেই বলে তারা বিপদে জনগণের পাশে এসে দাঁড়ায় না। আর যেটুকু সাহায্য-সহযোগিতা করতে আসে, তার চাইতে চুরি করে বেশি।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার শুখানপুখরী ইউনিয়নের কালীগঞ্জ বাজারে উজানের ঢলে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও দুস্থ ব্যক্তিদের মাঝে ত্রাণ বিতরণের সময় এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আট থেকে নয় বছর ধরে আমরা বিরোধী দলে আছি। সরকারের নির্যাতন-নিপীড়ন, জেল জুলুম, মামলা সহ্য করে কাজ করছি। এই নির্যাতন-নিপীড়ন, জেল-জুলুমের মধ্যেও আমরা চেষ্টা করে যাচ্ছি আপনাদের পাশে দাঁড়াবার। এই দেশে বন্যা, ঝড়, মহামারি, দুর্ভিক্ষ অনেক পার হয়েছে। সরকারের দায়িত্বটা কী? সরকারের দায়িত্ব হচ্ছে এই দুস্থ মানুষের পাশে থেকে তাদের সাহায্য-সহযোগিতা করা।’

মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, ‘আমাদের যারা সরকারে বসে আছে, তারা তো আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আসে নাই। জোর করে ক্ষমতায় বসে আছে। মামলার ভয় দেখিয়ে, তারা ক্ষমতা দখল করে বসে আছে। ফলে জনগণের সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই। সম্পর্ক নেই বলে জনগণের বিপদে তারা পাশে এসে দাঁড়ায় না। আর যেটুকু সাহায্য-সহযোগিতা করতে আসে, তার চাইতে চুরি করে বেশি।’

তিনি বলেন, আওয়ামী লীগ কাবিখা, টিআর, ভিজিডি, গম কেনা সবখানে কোটি কেটি টাকা লুটপাট করেছে। কিছুদিন আগে ঠাকুরগাঁও সদরে গম কেনার নামে ১৮ কোটি টাকা লুটপাট করেছে। তারা গমের স্লিপ নিজেদের মধ্যে ভাগাভাগি করেছে। ভাগাভাগি করতে গিয়ে তারা নিজেদের মধ্যে খুনোখুনিও করছে।

মির্জা ফখরুল বলেন, ‘একটা মানুষের চেহারা দেখলে সে কেমন, তা বোঝা যায়। যেটাকে আমরা ইংরেজিতে বলি বডি ল্যাঙ্গুয়েজ। আওয়ামী লীগের বডি ল্যাঙ্গুয়েজটাই হচ্ছে সন্ত্রাসী। তারা সব সময় হুমকি-ধমকি দিয়ে কথা বলবে। দাম্ভিকতা দিয়ে কথা বলবে। এই ভয় দেখিয়েই তারা বরাবর চলছে। এখন তারা এটা এমন পর্যায়ে নিয়ে গেছে যে বিচারপতি পর্যন্ত ছাড়া পাচ্ছে না। প্রধান বিচারপতিও ছাড় পাচ্ছেন না। আগে উপনেতা, পাতিনেতারা বলছিলেন, এখন দেখছি সর্বোচ্চ নেতাও একই ভাষায় কথা বলছেন। এমন একটা ভাব যে আওয়ামী লীগই হচ্ছে এ দেশের মালিক। আওয়ামী লীগই হচ্ছে এ দেশের জোতদার, জমিদার, রাজা আর আমরা সব হচ্ছি প্রজা। আমরা ওদের হুকুম তালিম করব, তারা যেভাবে চালাবে সেইভাবে চলব। এ কথাগুলো বিচার বিভাগ বলেছে, তা তাদের পছন্দ নয়।’

জনগণের উদ্দেশে তিনি বলেন, ‘দেশে আমরা গণতন্ত্র ফিরিয়ে আনতে চাই। মানুষের অধিকার ফিরিয়ে আনতে চাই। যে ভোট আপনারা দিতে পারেন নাই, সে ভোট আবার দেওয়ার ব্যবস্থা নিশ্চিত করতে চাই। সে জন্য সকলে ঐক্যবদ্ধ হতে হবে। এই সরকার যেভাবে মানুষের অধিকার কেড়ে নিচ্ছে, মানুষকে মানুষ হিসেবে মনে করে না, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। আগামী নির্বাচনে সকলে ঐক্যবদ্ধ হয়ে এই সরকারকে পরাজিত করতে হবে।’