আওয়ামী লীগই সব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাহাবুব আলী খান
মাহাবুব আলী খান
বঙ্গবন্ধুর জন্মস্থান গোপালগঞ্জকে আওয়ামী লীগের দুর্গ মনে করেন দলটির নেতারা। এ জেলায় অন্য রাজনৈতিক দলগুলোর পক্ষে কিছু করা কঠিন। এখানে বিএনপির কোনো রাজনৈতিক কার্যক্রম নেই। নেতাদের অভিযোগ, তাঁরা জেলা শহরে থাকতেও পারছেন না। লিখেছেন আশীষ-উর-রহমান

‘বটগাছের নিচে অন্য গাছ জন্মায় না’—গোপালগঞ্জের রাজনীতি সম্পর্কে এক কথায় এই মন্তব্য করলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান। শহরের ব্যাংকপাড়ায় জেলা আওয়ামী লীগের কার্যালয়। সেখানে তাঁর নিজের কক্ষেই ৯ জুন কথা হয়।

মাহাবুব আলী খান বললেন, আওয়ামী লীগের এই জেলা কার্যালয়টির আলাদা ঐতিহাসিক মূল্য রয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৫৪ সালে যুক্তফ্রন্ট নির্বাচনের সময় বাড়িটি কিনেছিলেন। বেশ কিছুদিন এই বাড়িতে বসবাসও করেছেন। একাত্তরে পাকিস্তানি সেনাবাহিনী বাড়িটি পুড়িয়ে দেয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাড়িটি আওয়ামী লীগের কার্যালয়ের জন্য দিয়েছেন।

দীর্ঘদিন পর জেলা আওয়ামী লীগের সর্বশেষ কাউন্সিল হয়েছে ২০১৫ সালের ১১ নভেম্বর। মাহাবুব আলী খান বললেন, সদরের সাংসদ শেখ ফজলুল করিম সেলিম এখানে আওয়ামী লীগ ও দলের অঙ্গসংগঠনগুলোর নেতা-কর্মীদের অভিভাবক হিসেবে রয়েছেন। কাউন্সিলে সেভাবে কোনো নির্বাচন হয় না, তিনি সবার মতামত নিয়ে নতুন কমিটি করে দেন। বর্তমান কমিটিতে সভাপতি হিসেবে আছেন চৌধুরী এমদাদুল হক। তিনি জেলা পরিষদেরও চেয়ারম্যান। অসুস্থ অবস্থায় ঢাকায় চিকিৎসাধীন থাকায় তাঁর সঙ্গে কথা বলা যায়নি। জেলা কমিটির কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক রাজিউদ্দিন খান, শিক্ষাবিষয়ক সম্পাদক লতিফা জামাল চৌধুরী, ট্রাক শ্রমিক লীগের সম্পাদক ওমর আলী চৌধুরীসহ অনেকেই উপস্থিতি ছিলেন এই দলীয় কার্যালয়ে। স্থানীয় রাজনীতি সম্পর্কে কথাবার্তায় তাঁরাও অংশ নিলেন।

গোপালগঞ্জের প্রায় ১৫ লাখ মানুষ তাঁদের হৃদয়ে নৌকা ধারণ করে আছেন বলে দাবি জেলা আওয়ামী
লীগের নেতাদের। তাঁরা বললেন, বঙ্গবন্ধু ও তাঁর কন্যার বাইরে এই জেলার মানুষ অন্য কিছু ভাবেন না। ৯৫ শতাংশ ভোটার নৌকায় ভোট দেন। এখানে অন্য রাজনৈতিক দলগুলোর পক্ষে কিছু করা কঠিন। অন্য রাজনৈতিক দলগুলোর ওপর, বিশেষ করে বিএনপির ওপর পুলিশকে ব্যবহার করে দমন-নির্যাতন চালানো হচ্ছে বলে অভিযোগ রয়েছে। জেলা আওয়ামী লীগের নেতারা অবশ্য এই অভিযোগ অস্বীকার করলেন। তাঁদের ভাষ্য, বিএনপি রাজনীতির নামে ধ্বংসাত্মক কার্যক্রম চালায়। জ্বালাও-পোড়াও করে। এর সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই।

কোনো প্রতিদ্বন্দ্বিতা না থাকায় জেলায় আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে স্থবিরতা সৃষ্টি হয়েছে। সাংগঠনিক কার্যক্রমের চেয়ে নেতা-কর্মীরা ঢাকায় গিয়ে নানা রকম তদবির ও স্থানীয় ঠিকাদারির কাজে ব্যস্ত থাকেন। প্রান্তিক নেতাদের কেউ কেউ বলছেন, নতুন কমিটিতে এমন অনেককে স্থান দেওয়া হয়েছে, যাঁদের তেমন উল্লেখযোগ্য অবদান নেই। মুক্তিযুদ্ধের চেতনাবিরোধীরাও দলে ভিড়েছেন বলে অভিযোগ রয়েছে। মাহাবুব আলী খান বললেন, গোপালগঞ্জের সাধারণ মানুষ এবং আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নানা পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেল, আওয়ামী লীগের প্রতি অকুণ্ঠ সমর্থন রয়েছে সবার মধ্যেই। তবে সরাসরি রাজনীতির সঙ্গে যাঁরা জড়িত, তাঁদের বেশ একটা বড় অংশের ভেতরেই হতাশা কাজ করছে। তাঁরা মনে করেন, এখানে স্বাধীনভাবে তাঁদের কাজ করার কিছু নেই।

এসব অভিযোগ সম্পর্কে মাহাবুব আলী খান বলেন সাংগঠনিক কার্যক্রম বিগত দিনের চেয়ে এখন ভালো। আগের কমিটির সময় সাংগঠনিক কার্যক্রমে কিছুটা স্থবিরতা ছিল। এখন তা নেই। নতুন জেলা কমিটি হওয়ার পর তাঁরা সাংগঠনিক কার্যক্রমে জোর দিয়েছেন। পাঁচটি উপজেলাতেই সম্মেলন হয়েছে। তৃণমূলের সঙ্গে ইউনিয়ন, ইউনিয়নের সঙ্গে থানা এবং থানার সঙ্গে জেলার সংযোগ ও সমন্বয়ের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রমে গতির সঞ্চার হয়েছে। তিনি বলেন, আওয়ামী লীগ একটি বড় দল। এখানে অনেকের মতপার্থক্য থাকবে, আশা ও প্রাপ্তি সবার সমান হবে না। সে কারণে কেউ কেউ মনঃক্ষুণ্ন হতেও পরেন। এ সবই রাজনীতির অংশ।

আওয়ামী লীগের শাসনামলে গোপালগঞ্জে দৃশ্যমান উন্নতিও কম নয়। শহর থেকে গ্রাম পর্যন্ত সডকগুলোর অসাধারণ উন্নতি হয়েছে। গোপালগঞ্জ শহরের ভেতরে মধুমতী নদী সংস্কার করে দুই পাড় বেঁধে চমৎকার বিনোদনকেন্দ্র তৈরি করা হয়েছে। বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছে। ক্রীড়ায় উন্নতির জন্য শেখ কামাল ক্রিকেট স্টেডিয়াম, শেখ মনি ফুটবল স্টেডিয়াম ছাড়াও মহিলা ক্রীড়া কমপ্লেক্স, অত্যাধুনিক জিমনেসিয়াম প্রতিষ্ঠা করা হয়েছে। পাসপোর্ট কার্যালয় হয়েছে। সরকারি এসেনসিয়াল ড্রাগস কোম্পানির বিশাল কারখানা স্থাপনের কাজ চলছে। রেললাইন হচ্ছে। এখন এলাকাবাসীর দাবি, গোপালগঞ্জকে কেন্দ্র করে ‘মধুমতী বিভাগ’ ঘোষণা দেওয়া হোক। তাঁরা স্বপ্ন দেখছেন, এই দাবিও পূরণ হবে, শুধু সময়ের অপেক্ষা। এত সব প্রাপ্তি নিয়ে আওয়ামী লীগের দুর্গ গোপালগঞ্জ যথেষ্ট সুরক্ষিত বলেই মনে করেন দলের নেতারা।

(প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছেন গোপালগঞ্জ সংবাদদাতা)