আওয়ামী লীগে নেতা যত বাড়ছে কর্মী তত কমছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগে নেতা যত বাড়ছে, কর্মী তত কমছে বলে মন্তব্য করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলের নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেছেন, ‘দল ভারী করার জন্য খারাপ লোকদের দলে আনবেন না।’

রংপুর জিলা স্কুলমাঠে গতকাল রোববার দুপুরে আওয়ামী লীগের রংপুর বিভাগীয় যৌথ কর্মিসভায় প্রধান অতিথির বক্তৃতায় ওবায়দুল কাদের এসব কথা বলেন।

নির্বাচন কমিশন গঠনে অনুসন্ধান কমিটির বিষয়ে বিএনপির প্রতিক্রিয়া প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, সার্চ কমিটি গঠন নিয়ে দেশের মানুষ সন্তোষ প্রকাশ করলেও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হতাশা প্রকাশ করেছেন। ফখরুল বলেছেন, এই সার্চ কমিটির সুপারিশের মাধ্যমে গঠন করা নির্বাচন কমিশনকে দিয়ে নাকি তাঁদের মনঃপূত হবে না। অথচ রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ শেষে বেরিয়ে এসে তাঁদের ফুরফুরে মেজাজে দেখা গেছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আওয়ামী লীগের এই কর্মিসভার মঞ্চে দাঁড়িয়ে বলে যাচ্ছি, নারায়ণগঞ্জের মতো মডার্ন নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনে উপহার দিতে আমরা নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করব। এ সময় আইনশৃঙ্খলাসহ সবকিছু নির্বাচন কমিশনের কাছে থাকবে। আমরা শুধু রুটিন দায়িত্ব পালন করব। এ সময় কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও উন্নয়নমূলক কর্মকাণ্ড করব না।’

দলের কমিটি গঠনপ্রক্রিয়া প্রসঙ্গে সাধারণ সম্পাদক বলেন, ‘কমিটি করতে গিয়ে পকেট কমিটি করবেন, এই আওয়ামী লীগের প্রয়োজন নেই। কলহ-কোন্দল ঝেড়ে ফেলুন। কোন্দল সহ্য করা হবে না। যারা কলহ করবে, কোন্দল করবে, ঘরের মধ্যে আরেক ঘর বানাবে, মশারির মধ্যে আরেক মশারি বানাবে, তাদের আওয়ামী লীগ করার কোনো অধিকার নেই।’

কর্মিসভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। বিশেষ অতিথি ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম প্রমুখ।

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি জানান, ওবায়দুল কাদের গতকাল রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জে পুরাতন চৌপথী এলাকায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত এক পথসভায় বক্তব্য দেন। এ সময় স্থানীয় এলাকার রাস্তাঘাটের উন্নয়ন করার প্রতিশ্রুতিও দেন তিনি। পথসভা শেষে প্রতিবন্ধীদের মধ্যে ১০০ কম্বল বিতরণ করেন ওবায়দুল কাদের।