লিপি খানম নতুন মুখ। তিনি মনোনয়ন পাওয়ায় আওয়ামী লীগের ত্যাগী নেতারা বঞ্চিতবোধ করছেন। অধিকাংশ তৃণমূল নেতা-কর্মী ক্ষোভে-কষ্টে বিদ্রোহী প্রার্থীদের দিকে ঝুঁকে পড়ছেন
নড়াইলের লোহাগড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রথমবারের মতো একজন নারী প্রার্থী হয়েছেন। তিনি আওয়ামী লীগের প্রার্থী লিপি খানম। এ ছাড়া দলটিতে দুজন বিদ্রোহী প্রার্থী রয়েছেন। আর এই কারণে দলীয় ভোট ভাগাভাগি হবে। এতে সুবিধা হতে পারে বিএনপির একক প্রার্থীর। অনেক ভোটার এমনটিই মনে করেন।
আগামী ৭ আগস্ট এ পৌর নির্বাচনে ভোট। পৌরসভা প্রতিষ্ঠার পর অনুষ্ঠিত দুটি নির্বাচনেই জয়ী হন নেওয়াজ আহম্মেদ ঠাকুর। তিনি জেলা বিএনপির সহসভাপতি, এবারও দলীয় প্রার্থী। আওয়ামী লীগের বিদ্রোহী দুই প্রার্থী হলেন উপজেলা যুবলীগের সভাপতি আশরাফুল আলম ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য শরিফুল ইসলাম।
আওয়ামী লীগের স্থানীয় কয়েকজন নেতা-কর্মী ও বেশ কয়েকজন ভোটারের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০১১ সালের নির্বাচনে ৪ হাজার ৮০০ ভোট পেয়ে নেওয়াজ আহম্মেদ দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আশরাফুল আলম পেয়েছিলেন ৪ হাজার ৫৮৬ ভোট। এর আগে ২০০৫ সালের নির্বাচনে আওয়ামী ঘরানার তিনজন প্রার্থী ছিলেন। তখনো নেওয়াজ আহম্মেদ জয়ী হন। এবার আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন সাতজন। এর মধ্যে লিপি খানম নতুন মুখ। অন্যরা দীর্ঘদিন ধরে মাঠপর্যায়ে আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত। তিনি মনোনয়ন পাওয়ায় আওয়ামী লীগের ত্যাগী নেতারা বঞ্চিতবোধ করছেন। এতে আওয়ামী লীগের অধিকাংশ তৃণমূল নেতা-কর্মী ক্ষোভে-কষ্টে বিদ্রোহী প্রার্থীদের দিকে ঝুঁকে পড়ছেন। সব মিলিয়ে বিএনপির প্রার্থী সুবিধাজনক অবস্থানে আছেন।
জানতে চাইলে লিপি খানম প্রথম আলোকে বলেন, ‘আমি ঢাকার ইডেন কলেজ থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছি। ১৯৯০ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত এ কলেজে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। ঢাকায় ধানমন্ডি থানা আওয়ামী লীগের সঙ্গে সক্রিয় রাজনীতিতে আছি। আমার যোগ্যতার বিবেচনায় মনোনয়ন পেয়েছি। আওয়ামী লীগের এ সিদ্ধান্তকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে কাজ করছি।’
ভোটারদের কেউ কেউ বলেছেন, পৌরসভা নির্বাচনে এর আগেও আঞ্চলিকতার প্রভাব লক্ষ করা গেছে। নবগঙ্গা নদী পৌর এলাকাকে লক্ষ্মীপাশা ও লোহাগড়া, এ দুই ভাগে বিভক্ত করেছে। এ ক্ষেত্রে সুবিধায় রয়েছেন বিদ্রোহী প্রার্থী আশরাফুল আলম। তাঁর পৈতৃক বাড়ি লোহাগড়া এলাকায়। কিন্তু তিনি লক্ষ্মীপাশায় বাড়ি করে দীর্ঘদিন ধরে বসবাস করছেন। তাই উভয় পারেই তাঁর পক্ষে রয়েছে সরব প্রচারণা।
আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আশরাফুল আলম বলেন, ‘উপজেলা ছাত্রলীগের সভাপতি ছিলাম। এর পরপরই যুবলীগের সভাপতি হয়ে সব সময় মাঠে-ময়দানে আছি। তৃণমূল নেতা-কর্মীদের চাপে প্রার্থী হয়েছি। সব প্রার্থীর মধ্যে আমিই গরিব। তাই গরিব মানুষই আমার পক্ষে বেশি। তৃণমূল নেতা-কর্মীসহ পৌর এলাকার সব পর্যায়ের ভোটাররা আমার পক্ষে ব্যাপক সাড়া দিচ্ছেন।’
অপর বিদ্রোহী প্রার্থী শরিফুল ইসলাম বলেন, নৌকার প্রার্থীর অবস্থা এমন যে র্যাব-পুলিশের পাহারায় ঢাকা থেকে এলাকায় এসেছেন।
এদিকে বিএনপির প্রার্থী নেওয়াজ আহম্মেদ ঠাকুর বলেন, আশা করা যায়, যোগ্যতা বিবেচনায় ভোটাররা দলমত-নির্বিশেষে ধানের শীষেই
ভোট দেবেন।