আওয়ামী লীগের কমিটি দুই সদস্যের পক্ষও দুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন হয় গত বছরের মার্চে। তখন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। বাকি পদ এখনো শূন্য। জেলার শীর্ষ দুই নেতার দ্বন্দ্ব চরমে। নেতা-কর্মীরাও বিভক্ত। বিএনপির মাঠপর্যায়ের নেতা-কর্মীরা মামলায় পর্যুদস্ত। যেসব নেতা আন্দোলনে মাঠে ছিলেন না, তাঁরাই কমিটিতে বড় পদ পাওয়ার চেষ্টায় আছেন। প্রতিবেদন তৈরি করেছেন আশীষ-উর-রহমান ও পান্না বালা
সুবল চন্দ্র সাহা ও সৈয়দ মাসুদ হোসেন
সুবল চন্দ্র সাহা ও সৈয়দ মাসুদ হোসেন

ফরিদপুর জেলা আওয়ামী লীগের কমিটি কেবল দুই সদস্যের। সভাপতি আর সাধারণ সম্পাদক। দুজনের আবার দুই পক্ষ। দুই পক্ষের দ্বন্দ্বে স্থবির দলের সাংগঠনিক কার্যক্রম। দিবসভিত্তিক কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ রয়েছে সাংগঠনিক কার্যক্রম। সেটাও পালন করে দুই পক্ষ আলাদাভাবে।
ফরিদপুরে জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা। তাঁর সঙ্গে মূল দল ও অঙ্গসংগঠনগুলোর বেশির ভাগ নেতা-কর্মী রয়েছেন। আর সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেনের সঙ্গেও অনেক প্রবীণ ও নবীন নেতা-কর্মী আছেন, যাঁরা নিজেদের ‘ত্যাগী’ ও ‘সুবিধাবঞ্চিত’ মনে করেন।
শহরের থানা রোডে আওয়ামী লীগের জেলা কার্যালয়। সেখানে সাধারণ সম্পাদক বা তাঁর পক্ষের নেতা-কর্মীরা বিশেষ প্রয়োজন ছাড়া যান না। গেলেও সভাপতি যখন থাকেন না, তখন যান। শহীদ মিনার বা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান বা শোভাযাত্রার মতো কর্মসূচি থাকলে দুটি মালা দেওয়া হয়। শোভাযাত্রাও হয় দুটি। একটি সভাপতির, অন্যটি সাধারণ সম্পাদকের। এই অবস্থা চলছে এক বছরের ওপরে।
গত শনি ও রোববার জেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে দেখা গেল, এই দ্বন্দ্ব ঘুচে যাক তাঁরা তা চান, কিন্তু শিগগির তা ঘুচবে এমনও লক্ষণ দেখছেন না।
প্রায় এক দশক পর ২০১৬ সালের ২২ মার্চ ফরিদপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন হয়। তাতে প্রধান অতিথি ছিলেন দলের তৎকালীন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি সভাপতি হিসেবে আগের কমিটির সহসভাপতি সুবল চন্দ্র সাহা এবং সাধারণ সম্পাদক হিসেবে আগের কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেনের নাম ঘোষণা করেন। পূর্ণাঙ্গ কমিটি পরে ঘোষণা করার কথা বলা হয়। এখন পর্যন্ত সেই পূর্ণাঙ্গ কমিটি আর হয়নি।
সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন প্রথম আলোকে বলেন, তিনি ৭১ সদস্যবিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটির নামের তালিকা কেন্দ্রে জমা দিয়েছেন। তিনি শুনেছেন, সভাপতিও কেন্দ্রে ৭১ সদস্যের একটি তালিকা দিয়েছেন। তবে তাঁরা কেউ কারও তালিকা দেখেননি।
সৈয়দ মাসুদ হোসেন বলেন, ফরিদপুর জেলা আওয়ামী লীগে দুটি পক্ষ অনেক আগে থেকেই ছিল। দিনে দিনে দ্বন্দ্ব আরও তীব্র হয়েছে। ২০১১ সাল থেকেই দুই পক্ষ আলাদা করে দলীয় কর্মসূচি পালন করে আসছে। ঢাকায় কেন্দ্রীয় জাতীয় সম্মেলনেও তাঁরা আলাদা করে অংশ নিয়েছেন। গত বছর জেলা সম্মেলনের দুদিন পর ৩০ মার্চ পাঁচটি গাড়িতে করে তাঁর অনুসারীদের নিয়ে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাতে যান। রাতে ফেরার পর জেলা কমিটির সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক বদিউজ্জামানের (বাবুল) ওপর হামলা হয়। এভাবে তাঁর অনুসারীদের ভয়ভীতি দেখানো ও হামলা করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
সৈয়দ মাসুদের ভাষ্য, জেলায় দলের সাংগঠনিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। দিবস পালন ছাড়া আর বিশেষ কোনো কার্যক্রম নেই। সবাই যাঁর যাঁর স্বার্থ নিয়ে ব্যতিব্যস্ত।
হামলার বিষয়ে বদিউজ্জামান প্রথম আলোকে বলেন, ওই রাতে বাস থেকে নেমে ব্যক্তিগত অফিসের দিকে যাওয়ার পথে তাঁকে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করা হয়। তিনি মামলা দিয়েছেন কিন্তু পুলিশ তাঁর মামলা নথিভুক্ত করেনি। তাঁর রক্তাক্ত পোশাকসহ অন্য আলামতও জব্দ করেনি। মাদক ব্যবসায়ীরা হামলা করেছে উল্লেখ করে পুলিশ নিজে বাদী হয়ে একটি মামলা করেছে। তবে কারা হামলা করেছে, তা বলেননি বদিউজ্জামান। তিনি হতাশা ব্যক্ত করে বলেন, এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে দল ক্ষমতা থেকে গেলে এখন এই জেলায় যাঁরা প্রভাবশালী, তাঁরা আর এলাকায় থাকতে পারবেন না।
একই রকম হতাশার কথা বলেছেন দলের জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নেতা বিপুল ঘোষ। বঙ্গবন্ধুর সঙ্গে আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি জেলা কমিটির সাবেক সহসভাপতি ক্যাপ্টেন নূর মোহাম্মাদ, জেলা ছাত্রলীগের সভাপতি জিয়াউল হাসানসহ অনেকে। তাঁদের বক্তব্য, জেলা সদরে বিএনপির একটা ভালো অবস্থান আছে। ২০০৮ সালের আগ পর্যন্ত এই আসনে আওয়ামী লীগ জিততে পারেনি। এসব নেতার মতে, আগামী নির্বাচনে এই আসনে জিততে হলে দলের ঐক্য জরুরি। কিন্তু তেমন সম্ভাবনা তাঁরা দেখছেন না।
এসব বিষয়ে কথা হয় জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহার সঙ্গে। তিনি বলেন, ফরিদপুরে আওয়ামী লীগের অভিভাবক হিসেবে আছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। তাঁর স্নেহধন্য প্রার্থী হিসেবেই তিনি (সুবল চন্দ্র সাহা) জেলা কমিটির সভাপতি মনোনীত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে মন্ত্রীর ভাই বর্তমান উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহেতেশাম হোসেন প্রার্থী ছিলেন। কিন্তু দলের সভানেত্রী তাঁকে মনোনীত করেননি। সম্মেলনে সভানেত্রীর মনোনীত সভাপতি হিসেবে তাঁর নাম ও সম্পাদক হিসেবে সৈয়দ মাসুদ হোসেনের নাম ঘোষণা করা হয়। পরে তাঁদের দুজনের মধ্যে একটু দূরত্ব তৈরি হয়েছে।
সুবল চন্দ্র সাহা বলেন, বড় দলের ভেতরে এমন দ্বন্দ্ব, পক্ষ-বিপক্ষ থাকে। আলাদা কর্মসূচি পালন করলেও সম্পাদকের সঙ্গে তাঁর কথাবার্তা হয়। তবে তিনি এ-ও মনে করেন, এই দ্বন্দ্ব সাংগঠনিক কার্যক্রমের স্বাভাবিক বিকাশের পথে অন্তরায়। সাংগঠনিক কাঠামো পরিপূর্ণ না হওয়ায় ভাঙ্গা, নগরকান্দা, সালথাসহ বিভিন্ন উপজেলায় দলের ভেতরে যে সমস্যা রয়েছে, তার সমাধানে যথাযথ পদক্ষেপ নেওয়া সম্ভব হচ্ছে না।