আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির আকার বাড়ছে
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের আকার বাড়ছে। কমিটিতে অন্তত আটটি পদ বেড়ে ৭৩ সদস্য থেকে ৮১-তে উন্নীত করা হতে পারে। কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতিমণ্ডলী ও যুগ্ম সাধারণ সম্পাদকের দুটি করে পদ, সাংগঠনিক সম্পাদকের তিনটি পদ এবং প্রশিক্ষণবিষয়ক একটি সম্পাদকীয় পদ বাড়তে পারে।
গতকাল রোববার আওয়ামী লীগের সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন উপলক্ষে গঠিত গঠনতন্ত্র উপকমিটির সভায় কার্যনির্বাহী সংসদের আকার বাড়ানো নিয়ে আলোচনা হয়।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদে ১৫ জন সভাপতিমণ্ডলীর সদস্য, ৩২ জন সম্পাদকমণ্ডলীর সদস্য, একজন কোষাধ্যক্ষ এবং ২৬ জন সদস্য রয়েছেন। এর আকার বাড়ার বিষয়ে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সম্পাদকমণ্ডলীর দুজন সদস্য প্রথম আলোকে বলেন, ১৬ কোটি মানুষের দেশে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটি মাত্র ৭৩ সদস্যের। এটা বাড়ানো প্রয়োজন। আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাও বিভিন্ন সভায় এর ইঙ্গিত দিয়েছেন।
জানতে চাইলে আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন উপলক্ষে গঠিত গঠনতন্ত্র উপকমিটির আহ্বায়ক আবদুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, ‘যে সমস্ত নেতা অভিজ্ঞ, রাজনৈতিক-অর্থনৈতিক অবদান রাখবেন, তাঁরা কেন্দ্রীয় কমিটিতে স্থান পাবেন। আমাদের গঠনতন্ত্রে যে কমিটির আকার রয়েছে, সেটা বাড়ার প্রস্তাব করা হবে।’ তিনি বলেন, ‘আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে দুজন সভাপতিমণ্ডলীর সদস্য এবং দুজন যুগ্ম সাধারণ সম্পাদকের পদ বাড়ানোর প্রস্তাব দেওয়া হবে। এ ছাড়া ময়মনসিংহে নতুন বিভাগ হয়েছে। কিন্তু ওই বিভাগের আমাদের কোনো সাংগঠনিক সম্পাদক নেই। এ ছাড়া সরকার কুমিল্লা ও ফরিদপুরে আরও দুটি বিভাগ করার ঘোষণা দিয়েছে। এ জন্য এ দুটি বিভাগেও সাংগঠনিক সম্পাদকের পদ সৃষ্টি করা হবে। এ ছাড়া আওয়ামী লীগের নেতা-কর্মীদের নানা বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার জন্য প্রশিক্ষণবিষয়ক সম্পাদক নামে নতুন একটি পদের প্রস্তাব দেওয়া হবে।’
বৈঠকে থাকা গঠনতন্ত্র উপকমিটির আরেকজন সদস্য প্রথম আলোকে বলেন, কমিটির আকার বাড়বে এটা নিশ্চিত। তবে তা ৮১-এর বেশি হবে না।
বৈঠকে উপস্থিত ছিলেন গঠনতন্ত্র উপকমিটির সদস্যসচিব আফজাল হোসেন, সদস্য মাহবুব উল আলম হানিফ, ফারুক খান, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মিসবাহ উদ্দিন সিরাজ, খালিদ মাহমুদ চৌধুরী, আখতারুজ্জামান, আবদুর রহমান, আমিনুল ইসলাম, সুজিত রায় নন্দী প্রমুখ।