বিদ্রোহী প্রর্থীসহ আওয়ামী লীগের ছয় নেতা বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কুষ্টিয়ার কুমারখালিতে পৌরসভা নির্বাচনে বিদ্রোহী মেয়র প্রার্থী জাকারিয়া খান ওরফে জেমসসহ উপজেলা ও পৌর আওয়ামী লীগের ছয় নেতাকে বহিষ্কার করা হয়েছে। আজ রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে দলের উপজেলা ও পৌর কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জাকারিয়া খান কুমারখালী পৌর আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি। বহিষ্কৃত বাকি পাঁচজন জাকারিয়া খানের নির্বাচনী প্রচারণার কাজে সম্পৃক্ত ছিলেন।

জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর নির্বাচনে মেয়র প্রার্থী শামসুজ্জামান অরুণ প্রথম আলোকে বলেন, দলের সিদ্ধান্তের বাইরে নির্বাচনে প্রার্থী হয়ে জাকারিয়া দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। এই অভিযোগে উপজেলা পৌর আওয়ামী লীগের জরুরি সভায় তাঁকে বহিষ্কার করা হয়েছে।

এ ব্যাপারে জাকারিয়া খান বলেন, কেন্দ্রকে ভুল বুঝিয়ে অযোগ্য, অসৎ, দুর্নীতিবাজ ও ভূমিদস্যু এক ব্যক্তিকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি নৌকার বিরুদ্ধে নন। আওয়ামী লীগের সুনাম রক্ষার্থে তিনি প্রার্থী হয়ে আছেন।