আওয়ামী লীগের ডেঙ্গু প্রতিরোধ ও চিকিৎসা মনিটরিং সেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশে ডেঙ্গু-আক্রান্ত রোগীদের সর্বাত্মক সহযোগিতা ও সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে ডেঙ্গু প্রতিরোধ ও চিকিৎসা মনিটরিং সেল গঠন করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আজ শনিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে কার্যকর পদক্ষেপ বাস্তবায়ন এবং সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিতকরণে বিশেষজ্ঞ চিকিৎসক নেতাদের সঙ্গে এক বৈঠকে এই সেল গঠন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সভায় উপস্থিত ছিলেন দলটির উপদেষ্টা পরিষদের সদস্য রশিদুল আলম, মুকুল বোস ও চিকিৎসক নেতারা।

দলের উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বৈঠকে ডেঙ্গু প্রতিরোধ ও চিকিৎসা মনিটরিং সেলের ৫ দফা কর্মসূচি নেওয়া হয়। কর্মসূচির মধ্যে রয়েছে দেশের ৬৪ জেলায় মনিটরিং সেল গঠন, জনসচেতনতা তৈরি, চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীর কাজে উৎসাহিত করা, সরকারের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করা এবং সব জেলায় প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মী নিশ্চিত করা।

মনিটরিং সেলের আহ্বায়ক করা হয়েছে মোস্তফা জালাল মহিউদ্দিনকে। এর সদস্যরা হলেন রোকেয়া সুলতানা, বদিউজ্জামান ভুঁইয়া (ডাবলু), এম ইকবাল আর্সলান, কনক কান্তি বড়ুয়া, মোহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া, মো. ইহতেশামুল হক চৌধুরী, এম এ আজিজ, শারফুদ্দিন আহমেদ, মোহাম্মদ জামাল উদ্দিন চৌধুরী, কামরুল হাসান খান, এম এ রউফ সরদার, এ বি এম আবদুল্লাহ, মো. কামরুল হাসান (মিলন), উত্তম কুমার বড়ুয়া, খান আবুল কালাম আজাদ, ঝিলন মিয়া সরকার, শাহানা আখতার রহমান, এহসানুল কবির জগলুল, আলী আসগর মোড়ল, মো. জুলফিকার আলী (লেনিন) এবং সৈয়দ আতিকুল হক।